ইসির বিরুদ্ধে ‘পক্ষপাতের’ অভিযোগ জালালের
চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন কমিশনের বিরুদ্ধে ‘পক্ষপাতের’ অভিযোগ এনেছেন এক স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি বলেন, “কমিশন আমার সাথে বৈরি আচরণ করেছে। এতে সন্দেহ হচ্ছে কোনো একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, (উচ্চ আদালত থেকে) তাকে প্রতীক বরাদ্দের আদেশ দেয়ার পরও তা না করে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে পুনরায় আপিল করে তার প্রতি ‘বৈরী’ আচরণ করছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটের শর্ত দেখিয়ে জালালের মনোনয়নপত্র বাতিল করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।পরে তিনি এর বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট তাকে প্রতীক বরাদ্দের আদেশ দেয়। এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন আবার চেম্বার জজের আদালতে আপিল করে। চেম্বার জজ তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠালে বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে।
এর ফলে জালাল আর উপ-নির্বাচনে অংশ নিতে পারছেন না।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বিএনপির সহ-সভাপতি ফৌজুল আমিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মঞ্জুর উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
