২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবতাবিরোধী অপরাধে আনার চেষ্টা বঙ্গবন্ধু খুনিদের’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে দুই খুনিকে ফিরিয়ে দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানাবে সরকার।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার লক্ষে গঠিত আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ।

তিনি বলেন, “এটা সাধারণ হত্যাকাণ্ড নয়। এর মাধ্যমে নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষদের হত্যা করা হয়েছে। তাই এ অপরাধকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা যায়।”

“যেহেতু কানাডা ও যুক্তরাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের বিচার চায়, সেহেতু এ হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশেরে কাছে ফিরিয়ে দেয়ার আবেদন জানানোর বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”

শফিক আহমেদ জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই দুদেশের সরকারের কাছে আবেদন জানানো হবে।  

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে খুন করা হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এই হত্যা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি কার্কর হয়েছে ২০১০ সালের জানুয়ারি মাসে। একজন পলাতক অবস্থায় মারা গেছেন এবং বাকি ছয় জন বিদেশে পলাতক রয়েছেন। 

আইনমন্ত্রী বলেন, “আমরা জানি বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নুর চৌধুরী কানাডাতে এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যরা হয়তো পাকিস্তান, কেনিয়ায় আসা যাওয়া করছে।”

আইন মন্ত্রণালয় সুত্রে জানা যায়, নুর চৌধুরী কানাডাতে এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসনপূর্ ঝুঁকি মূল্যায়নের (প্রি-রিমোভাল রিস্ক অ্যাসেসমেন্ট) আবেদন করেছেন। কিন্তু বিষয়টি এখনও নিস্পত্তি না হওয়ায় তাদের ফিরিয়ে আনা যাচ্ছে না।

শফিক আহমেদ বলেন, “তারা রিস্ক অ্যাসেসমেন্টের আবেদন করেছে। আমাদের নিয়োগ করা আইনজীবীদের মাধ্যমে সেটা নিষ্পত্তির চেষ্টা চলছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে ফিরিয়ে এনেই যে তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে সেটা ঠিক না। তারা এখানে আপিল, রিভিউ ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবে।”

সম্পত্তি বাজেয়াপ্ত

টাস্কফোর্সের এর আগের বৈঠকে গত ২১ নভেম্বর বঙ্গবন্ধুর পলাতক খুনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, “কিছু কিছু সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ব্যাংক হিসাবের বিষয়ে খোঁজ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া রাজউককেও বলা হয়েছে তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য।”

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন (ল্যান্সার)।

দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন।   

পলাতক রয়েছেন, এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২১৩৬ ঘ.