রফিক হত্যা: চাঁদপুরে মিছিল সমাবেশ
বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে চাঁদপুর-কুমিল্লা সড়কে এই কর্মসূচি চলাকালে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করেন তারা।
সোমবার ভোরে কুষ্টিয়ায় খুন হন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়ন বিএনপি সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপি’র ৫৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মজুমদার।
পৌর বিএনপি সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, পৌর বিএনপি সভাপতি আবুল কালাম পাটওয়ারী, শাহ মোহাম্মদ আলী প্রমুখ।
শনিবার রাতে ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগরে তার শ্বশুর বাড়ি থেকে রফিকুলকে তুলে নেয়া হয়। পরদিন কুষ্টিয়ায় তার হাতকড়া পরা লাশ পাওয়া যায়।
সোমবার চাঁদপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
