২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যথাসময়ে আ. লীগের অধীনেই নির্বাচন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের অধীনে সে নির্বাচন হবে নিরপেক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আবু নাছের মঞ্জু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার বিকালে নোয়াখালীতে এক জনসভায় তিনি বলেন, “যথাসময়েই নির্বাচন হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ। বর্তমান অওয়ামী লীগের সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে সেগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। আগামী নির্বাচনও নিরপেক্ষ হবে। কারণ, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।”

কোম্পানীগঞ্জের শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রসহ দশটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী দুপুরে নোয়াখালী আসেন। বিকালে তিনি শহরের মাইজদী হাউজিং এস্টেট মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন।

আগের রাতে গুলশানে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থাকবে, এই নিয়ে আমাদের কোনো কথা নেই। তবে কোনো দলীয় সরকার কিংবা আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।”

আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে বলেও জোর দাবি জানান বিএনপি চেয়ারপার্সন।

আওয়ামী লীগ ও বিএনপি সরকারের তুলনা করে নোয়াখালীর জনসভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায়ে এলে মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। মানুষকে খাবারের জন্য কষ্ট করতে হয় না।

“আওয়ামী লীগ সরকারই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। এবারো তিন কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে”, বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার পরিবারেরও সমালোচনা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা দেশের শিক্ষার্থীদের বিনা পয়সার লেখাপড়া করার সুযোগ দিচ্ছি। তাদের বিনে পয়সায় বই দিচ্চ্ছি। আপনার (খালেদা) ছেলেরা লেখাপড়ার জন্য সরকারি ভাতা পেত। সরকারের টাকায় ছেলেদের কী শিক্ষা দিলেন? কীভাবে টাকা পাচার করতে হয়, এই শিক্ষাই দিয়েছেন তাদের?”

এর আগে প্রধামন্ত্রী জনসভাস্থল থেকে নয়টি প্রকল্প কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে- কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, নোয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও সোনাইমুড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন । মুছাপুর ক্লোজার নির্মাণ কাজ এবং নোয়াখালী পৌরসভার নতুন ভবন, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০তলা একাডেমিক ভবন নির্মাণ। 

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কোম্পানীগঞ্জ সরকারি মজিদ কলেজ মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি অবতরণ করে। জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা এ সময় তাকে স্বাগত জানান।

কলেজ মাঠ থেকে প্রধানমন্ত্রী গাড়িতে চড়ে পাশের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র উদ্বোধন করতে যান।

গ্যাস ক্ষেত্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার এবার ক্ষমতায় আসার পর গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের দিকে নজর দিচ্ছে সরকার। এজন্য তেল-গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। এ প্রতিষ্ঠানকে আগামী দিনে আরো শক্তিশালী করা হবে।”

গ্যাসের অপচয় রোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ক্ষেত্র থেকে স্থানীয় লোকজন যাতে গৃহস্থালি ও শিল্পকারখানায় গ্যাস ব্যবহার করতে পারে সেদিকে নজর দেয়া হবে।

“বিগত দিনে বিএনপি সরকার এই গ্যাস বিক্রি করে দেয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ তখন তার বিরোধিতা করে বলেছিল, দেশের মানুষের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ রেখে এ ব্যাপারে চিন্তা করা হবে। এখন আওয়ামী লীগের কথাই সত্য হয়েছে। আওয়ামী লীগ দেশের প্রকৃতিক সম্পদ দেশ ও মানুষের কল্যাণে ব্যবহারের নীতিতে বিশ্বাসী,” বলেন প্রধানমন্ত্রী।

বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নোয়াখালীতে এটিই শেখ হাসিনার প্রথম সফর। এর আগে ২০০০ সালের ২৩ জানুয়ারি সর্বশেষ নোয়াখালী সফর করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সর্বত্র উৎসবের আমেজ লক্ষ্ করা যায়। দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করেন নেতাকর্মীরা।