২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগে ঢিলেঢালা হরতাল পালিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর বিভাগে বিএনপির সহযোগী সংগঠনগুলোর আধা বেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিনিধি, রংপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর বিভাগে বিএনপির সহযোগী সংগঠনগুলোর আধা বেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

সোমবার রংপুর বিভাগের আট জেলায় যুবদল এ হরতাল ডাকে, যাতে সমর্থন দেয় ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও কৃষকদল।

সোমবার ভোর ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ হরতালে গাইবান্ধায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। ঠাকুরগাঁও ও গাইবান্ধায় কয়েকটি যানবাহন ভাংচুর হয়েছে। এছাড়া অন্য কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।

রংপুর: সকালে প্রচণ্ড শীতের মধ্যে রংপুর শহরের কোথাও কোনো পিকেটারকে দেখা যায়নি। শহরের বেতপট্টি, শাপলা মোড়, জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্বর, মডার্ন মোড়, টার্মিনাল মোড় ও সাতমাথায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

সকালে রাস্তায় ভারি যানবাহন খুব একটা দেখা যায়নি। তবে রিকশা ও অটোরিকশা চলাচল রয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে।

দিনাজপুর: জাতীয়তাবাদী যুবদলের ডাকা অর্ধদিবস হরতাল দিনাজপুরে আংশিক পালিত হয়েছে। সকালের দিকে শহরের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা ১২টার পর সব খুলে যায়। স্কুল কলেজও খোলা ছিল।

হরতালে যান চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সকালে যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিশাল একটি মিছিল বের করে। পরে শহরের বিভিন্ন প্রান্তে তারা পিকেটিং করে।

সকাল ৬ টার আগে শহরের উপকণ্ঠের ভুল্লি, খোচাবাড়ি সত্যপীরব্রিজ এলাকায় ৫টি নৈশকোচ, ১২টি ট্রাক ও বেশ কিছু মিনিবাস ও মোটরসাইকেল ভাংচুর করে পিকেটাররা।

সকাল ১০ টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ঢিলেঢালা হরতাল চলছে। শহরে ছোট যান চলাচল করছে। তবে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।

সদর থানার ওসি মইনুল ইসলাম জানান, শহরে দোকানপাট ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোথাও কোনো গাড়ি ভাংচুর হয়নি।

গাইবান্ধা: বিএনপি সহযোগী সংগঠনগুলোর ডাকা হরতালে পিকেটিংয়ের সময় গাইবান্ধায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় পলাশবাড়ি উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সকালে পলাশবাড়ী দক্ষিণ বন্দর বাসস্ট্যান্ড এলাকায় যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পলাশবাড়ী থানার ওসি আব্দুস ছাত্তার জানান, এ সময় পিকেটারেরা ৪/৫টি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এছাড়া জেলার আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।