‘সরকারের সফলতা নেই, আছে চাপাবাজি’
মিথ্য তথ্য দিয়ে সরকার ‘সফলতার বুলি’ আওড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মিথ্য তথ্য দিয়ে সরকার ‘সফলতার বুলি’ আওড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে এক আলোচনা সভায় মোশাররফ বলেন, “সরকারের চার বছরের উপহার হচ্ছে, পদ্মাসেতু প্রকল্পসহ সর্বক্ষেত্রে দুর্নীতি-লুটপাট এবং বিরোধী নেতা-কর্মীদের গুম-হত্যা করা। ক্ষমতাসীন লোকজনের মালিকানাধীন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অর্থ যোগান দিতে সর্বশেষ তারা (সরকার) জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। জনগণের কল্যাণে এ সরকার কোনো কিছুই করেনি।”
“চার বছর অতিক্রান্ত হওয়ার পর এখন তারা মিথ্যা তথ্য দিয়ে নিজেদের সফলতার বুলি আওড়াচ্ছে। সরকারের কোনো সফলতা নেই। আছে শুধু চাপাবাজি।”
২০০৮ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দায়িত্ব নিয়েছিল মহাজোট সরকার।
শেখ হাসিনা সরকারের চার বছর পূর্তির দিন রোববার দিনব্যাপী হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
জাতীয় প্রেস ক্লাবের সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে সংশয়ের অবসান চাই’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
মহানগর নেতা রফিকুল ইসলাম মজুমদারের হত্যাকান্ডের কথা তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এই সরকার এমন একটি গেস্টাপো বাহিনী তৈরি করেছে যাদের কাজ হলো, যারা বিরোধী দলের আন্দোলনে অংশ নেয়, তাদের গুম করে হত্যা করা। র্যাব শ্বশুরবাড়ি থেকে রফিকুল ইসলামকে তুলে নিয়ে যায়। এখন তারা বলছে, রফিককে তারা হত্যা করেনি। তাহলে কে রফিককে হত্যা করলো।”
“১৯৭২-৭৫ সালে হাজার হাজার মুক্তিযোদ্ধা ও বিরোধী নেতা-কর্মীদের গুম করে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা ও মানবাধিকারের যে অবস্থা বর্তমানে বিরাজ করছে, তা ’৭৫ সালের সীমা ছাড়িয়ে গেছে।”
শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ি-মনোহরপুর এলাকায় হাতকড়া লাগানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শুক্রবার ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
