‘দুই নেত্রীকে এক সঙ্গে বসানো অসম্ভব নয়’
চলমান রাজনৈতিক মতপার্থক্যের অবসানে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন।
চলমান রাজনৈতিক মতপার্থক্যের অবসানে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন।
সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা জানান। গত মাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতির দায়িত্ব নেন কাজী আকরাম।
তিনি বলেন, “দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে একই সঙ্গে বসানোর উদ্যোগ নেব। বাংলাদেশে এটা অসম্ভব কিছু নয়।”
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে বিরোধী দল আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচিও পালন করছে তারা।
এফবিসিসিআই সভাপতি বলেন, “আমরা হরতাল না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। হরতাল আমাদের ব্যাবসা-বাণিজ্য ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করে।”
“আমরা অর্থনৈতিক উন্নতিতে বিশ্বে জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করে প্রশংসিত হচ্ছি। আমাদের পিছিয়ে দেয়ার জন্য ইস্যুবিহীন হরতাল করা হচ্ছে। হরতাল অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি করে।”
“বর্তমান সরকারের সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হওয়ার পর সারা পৃথিবীতে যখন বাংলাদেশ নন্দিত হচ্ছে, তখন তারা আমাদের নিন্দিত করার জন্য হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে।”
পাশাপাশি শিল্পায়নের সুবিধায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম।
হরতালের পরিবর্তে সংসদে গিয়ে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, মো. হেলাল উদ্দিনকে নিয়ে টুঙ্গীপাড়া যান। বঙ্গবন্ধুর কবরে ফুল দেয়ার পর সেখানে মোনাজাতও করেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, সোলায়মান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন ছাড়াও সেখানে ছিলেন গোপালগঞ্জ চেম্বারের সভাপতি কাজী জিন্নাত আলী, সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
