২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

দলের ওয়ার্ড নেতাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধীদল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 01:36 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

দলের ওয়ার্ড নেতাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধীদল বিএনপি।

রোববার হরতাল শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে হাতকড়া লাগানো কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদারের লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল ইসলাম বলেন, “শ্বশুর বাড়ি থেকে গতকাল রাতে র‌্যাব ধরে নিয়ে যাওয়ার পর রাতে হাতকড়া লাগানো অবস্থায় রফিকুল ইসলাম মজুমদারের লাশ পাওয়া গেছে। হাতকড়ায় বাংলাদেশ পুলিশ খচিত মনোগ্রাম ছিলো। এ পর্যন্ত ১৫৬ জনকে গুম করা হয়েছে। সরকার সারাদেশকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।”

রোববারের সকাল-সন্ধ্যা হরতাল ‘শতভাগ’ সফল হওয়ার দাবি করে তিনি এজন্য জনগণকে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানান।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোট এই হরতাল পালন করে।

হরতালে সারাদেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তরিকুল।

তিনি জানান, রোববারের হরতালে রাজধানীসহ সারাদেশে তিন শতাধিক গ্রেপ্তার এবং সাড়ে তিন শতাধিক আহত হয়েছে।

দলীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাংসদ হারুন অর রশীদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহানা আখতার রানু, নিলওফার চৌদুরী মনি, সাম্মী আখতার, রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।