আবুল হোসেন বাদ, নাসিম-লেনিনের পদোন্নতি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর ও রাজিউদ্দিন আহমেদ রাজু, যোগ হয়েছেন মোহাম্মদ নাসিম ও নূহউল আলম লেনিন।
পদ্মা সেতু কেলেঙ্কারিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকেও বাদ পড়েছেন সৈয়দ আবুল হোসেন।
কাউন্সিলের চার দিনের মাথায় বুধবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ যে কমিটি নতুন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঘোষণা করেছেন, তাতে কোনো পর্যায়েই আবুল হোসেনের নাম নেই।
সভাপতিমণ্ডলীতে পুরনোদের সঙ্গে যোগ হয়েছেন আগের কমিটির সদস্য মোহাম্মদ নাসিম এবং প্রচার সম্পাদক নূহউল আলম লেনিন।
সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন ও রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে।
সভাপতিমণ্ডলীতে দুটি পদ খালি রাখা হয়েছে। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেলেও তার আগের পদ কাউকে দেয়া হয়নি।
সৈয়দ আশরাফ সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীতে এই তিনটি পদ পূরণ করা হবে।
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল আগের উপদেষ্টা পরিষদেই রয়েছেন। পাশাপাশি দলের পার্লামেন্টারি বোর্ডে শেখ হাসিনার সঙ্গেও রয়েছেন তারা চারজন।
আগের কমিটিতে আবুল হোসেন ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই পদে এক দশকের বেশি সময় ছিলেন তিনি।
দলের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু প্রকল্পের কাজ চার বছরেও শুরু করতে পারেনি আওয়ামী লীগ সরকার। এজন্য তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকেই দায়ী করেন অনেকে।
পদ্মা সেতু নির্মাণে ঋণদাতা প্রধান সংস্থা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে এই প্রকল্পে অর্থায়ন বাতিল করেছিল। তবে সরকারের নানা তৎপরতায় তারা ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত বাতিল করে।
পদ্মা প্রকল্পে ফিরে আসার ক্ষেত্রে কয়েকটি শর্তের মধ্যে আবুল হোসেনের পদত্যাগের বিষয়টিও ছিল। আর সেই শর্ত মানতে গত বছরের ২৩ জুলাই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আবুল হোসেন।
কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না দাবি করে আসা আবুল হোসেন সরকার থেকে পদত্যাগের সাত মাসের মাথায় দলের কেন্দ্রীয় কমিটির পদও হারালেন।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন সৈয়দ আশরাফ।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাউন্সিলররা পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ হাসিনা ও সৈয়দ আশরাফকে। সেদিন কাউন্সিলে তারা দুজন সর্বসম্মতভাবে নির্বাচিত হন।
সভাপতিমণ্ডলীতে নতুন যোগ হওয়া মোহাম্মদ নাসিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে ছিলেন। শেখ হাসিনার আগের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ও সামলেছেন তিনি।
তবে ২০০১ সালের নির্বাচনের পর দলের মধ্যে সমালোচনার মুখে পড়েন নাসিম। ২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনার সরকার স্থান পাননি নাসিম এবং পরে কাউন্সিলেও তাকে রাখা হয় কার্যনির্বাহী সদস্য হিসেবে।
সরকার ও দলে দায়িত্বশীল পদে না থাকলেও গত চার বছর বিভিন্ন সভা ও আলোচনা অনুষ্ঠানে সরব ছিলেন এম মনসুর আলীর ছেলে নাসিম। সরকারের সমালোচনাও করতে দেখা যায় তাকে।
নাসিমের সঙ্গে সভাপতিমণ্ডলীতে পদোন্নতি পাওয়ার লেনিন আগের কমিটিতে প্রচার সম্পাদক ছিলেন তিনি।
দলের নির্বাচনী ইশতেহার তৈরি এবং সরকারের সাফল্য নিয়ে প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রে লেনিনের ভূমিকা তার পদোন্নতির কারণ বলে মনে করা হচ্ছে।
প্রচার সম্পাদকের আগে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা দপ্তরের দায়িত্ব সামলেছেন এক সময়ের কমিউনিস্ট নেতা লেনিন।
সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়ে উপদেষ্টা পরিষদের সদস্য হওয়া মহীউদ্দীন খান আলমগীর কয়েক মাস আগেই মন্ত্রী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কিছু মন্তব্যের জন্য সমালোচনাও পড়তে হয়েছে তাকে।
নিজের এলাকায় আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়া রাজিউদ্দিন আহমেদ রাজু বর্তমানে শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিসভায় গত বছরের রদবদলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় হারিয়েছিলেন তিনি।
সভাপতিমণডলী থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামীপন্থী আইনজীবীদের অন্যতম নেতা।
সম্পাদকমণ্ডলীতে আবুল হোসেনের পদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন শিরিন শারমিন চৌধুরী। তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
কমিটিতে অন্য পদগুলোর বিন্যাসে খুব একটা পরিবর্তন আসেনি। যুগ্মসাধারণ সম্পাদক পদে আগের তিনজন মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানকই রয়েছেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে।
আবুল হাসনাত আবদুল্লাহও গতবারের মতো এবারও এই কমিটিতে রয়েছেন।
