২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংযোগে সরকারের প্রতি অনাস্থা: বিএনপি

খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক মানুষের উপস্থিতি সরকারের প্রতি গণ অনাস্থার বর্হিপ্রকাশ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

বিরোধী দলের নেতা খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক মানুষের উপস্থিতি সরকারের প্রতি গণ অনাস্থার বর্হিপ্রকাশ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভায় সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “তারা দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণ সরকারের অপশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। বুধবার ঢাকার রাস্তা-ঘাটসহ গোটা মহানগরীকে জনগন অবরুদ্ধ করে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে।”

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বুধবার দিনব্যাপী গণসংযোগে গাবতলী, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, বাসাবো ও বাড্ডায় পথসভা করেন বিরোধীদলীয় নেতা।

সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে তরিকুল বলেন, “তারা যেনতেনভাবে একদলীয় সরকারের অধীনে একটি নির্বাচন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। একে প্রতিরোধ করতে হবে। এজন্য বিরোধী দলীয় নেতা আগামীতে আন্দোলনের যেসব কর্মসূচি দেবেন, যেকোনো কিছুর বিনিময়ে তা সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

বাড্ডায় শেষ পথসভায় খালদো বলেন, “সরকারকে বলছি, আগামী অধিবেশনে নির্দলীয় সরকারের বিল নিয়ে আসুন, আমরা সংসদে যাব। আসুন, আলোচনা করে আমরা সবাই মিলে এই বিল পাস করতে চাই। আজ কোনো কর্মসূচি ঘোষণা করছি না। আগামীতে কর্মসূচি দেব। যতক্ষণ পর্যন্ত নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি না মানবে, কর্মসূচি তীব্র থেকে তীব্রতর হবে।”

স্থানীয় সরকার ফোরাম সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

দলের ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবি করে তরিকুল ইসলাম বলেন, “দেশের ৩০ বছরের ইতিহাসে একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের নজির নেই।”

“সরকার ভেবেছে, বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে বাইরে একতরফাভাবে নির্বাচন করবে।”

তরিকুল ইসলাম অভিযোগ করেন, “সরকার বিরোধী দলের ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। ৪ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইলিয়াস আলীর আজো কোনো হদিস নেই"

চার বছরের ১৫৬জন মানুষ গুম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “হত্যা ও গুমের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকার দেশটাকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।”

সংগঠনের সভাপতি শামীম আল রাজীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মোহাম্মদ সারওয়ার হোসেন ও জুলফিকার আলী বক্তব্য রাখেন।