গণসংযোগে জনতার ঢল নামবে: তরিকুল
রাজধানীতে খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে জনতার ঢল নামবে বলে আশা প্রকাশ করছে তার দল বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা নির্দলীয় সরকার পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা ও আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি করতে যাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, “খালেদা জিয়ার এই কর্মসূচিতে মানুষের ঢল নামবে। এই ঢল দেখে সরকারের শুভবুদ্ধির উদয় হবে- নির্দলীয় সরকারের দাবি তারা মেনে নেবে।”
১৮ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচির সার্বিক প্রস্তুতি তুলে ধরতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে বিএনপি।
নির্দলীয় সরকারের দাবিতে এই গণসংযোগের অংশ হিসাবে রাজধানীতে গাবতলী, কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডায় পথসভা করবেন খালেদা জিয়া। আর জোট নেতারা গণসংযোগ করবেন সারা দেশে।
তরিকুল ইসলাম জানান, চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সিলেটে এম কে আনোয়ার, রাজশাহীতে নজরুল ইসলাম খান, রংপুরে অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, খুলনায় আবদুল মঈন খান ও বরিশালে গয়েশ্বর চন্দ্র রায় গনসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেবেন। এসব বিভাগে ১৮ দলীয় জোট নেতারাও থাকবেন।
ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এই গণসংযোগ কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানান তরিকুল। পাশাপাশি ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
গণসংযোগের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি- সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবি মেনে নিতে বাধ্য হবে। কারণ এক সময়ে আমরাও নির্দলীয় সরকারের দাবি মানতে চাইনি। আজ আওয়ামী লীগও একই কথা বলছে। এরশাদও সারাজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগনের আন্দোলনে দাবি মানতে বাধ্য হয়েছে।”
রাজধানীতে গণসংযোগকালে নাগরিকদের সাময়িক অসুবিধা হতে পারে উল্লেখ করে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম বলেন, “এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করি- নগরবাসী আমাদের সহযোগিতা করবেন।”
তিনি জানান, রাজধানীতে খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি বিএনপি ইন্টারনেটে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে। www.bnplive.com - এই ঠিকানায় তা সবাই দেখতে পারবেন।
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টিসহ ১৮ দলীয় জোট নেতারাও উপস্থিত ছিলেন সংবাদ ব্রিফিংয়ে।
