‘বিএনপি অনুমতি পায় না, ১৪ দলের লাগে না’
সরকার দেশে আইনের দুই রকম প্রয়োগ ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
সরকার দেশে আইনের দুই রকম প্রয়োগ ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
রোববার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাজধানীতে যে পথসভা করবেন, তার অনুমতি এখনো মহানগর পুলিশ দেয়নি। অথচ ১৪ দল শনিবার রাজপথে যে গণমিছিল করেছে, তাতে পুলিশের ‘অনুমতেই লাগেনি’।
“এভাবে দেশে আইনের দুই রকম প্রয়োগ চলছে। বিরোধী দলের জন্য আইনের একরকম প্রয়োগ, আর ১৪ দলের জন্য ভিন্নরকম। এটা কোনোভাবে মেনে নেয়া যায় না।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিদর্লীয় সরকারের দাবিতে আগামী ২৬ ডিসেম্বর রাজধানীতে গণসংযোগ করবেন। এর অংশ হিসাবে বৃহত্তর মীরপুর, রমনা-তেজগাঁও, সূত্রাপুর-কোতয়ালী-যাত্রাবাড়ী, সবুজবাগ-খিলগাঁও এবং বৃহত্তর বাড্ডা-গুলশান এলাকায় পথসভা করবেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকার এককভাবে দেশ পরিচালনা করছে। পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতাসীনরা মিছিল-মিটিং করছে। অন্যদিকে বিএনপি মিটিং-মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘যতো কারসাজিই’ করুক, আগামীতে আর ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
বিরোধী দলীয় প্রধান হুইপ নির্দলীয় সরকার পদ্ধতি ফিরিয়ে আনার পাশাপাশি অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম।
সংগঠনের সভাপতি মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ হেলেন জেরিন খান মানববন্ধনে বক্তব্য দেন।
