‘তেল মারা’ আওয়ামী লীগের কাজ: তরিকুল
খালেদা জিয়ার ভারত সফর নিয়ে শেখ হাসিনার বক্তব্যের জবাবে একথা বললেন বিএনপি নেতা।
খালেদা জিয়ার ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগই ‘তেল মারার’ রাজনীতি করে।
একদিন আগে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল (বৃহস্পতিবার) যশোরে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার ভারত সফর নিয়ে অসত্য ও মিথ্যা বক্তব্য দিয়েছেন।”
শেখ হাসিনা বলেছিলেন, “ক্ষমতায় যাওয়ার লোভে অন্ধ হয়ে তিনি (খালেদা) তেল মারতে ভারত গিয়েছিলেন।”
তরিকুল বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, খালেদা জিয়া ও তার দল বিএনপি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তেল মারার রাজনীতি করে না।
“তেল মারা কিংবা তোষামোদীর রাজনীতি আওয়ামী লীগ অতীতেও করে এসেছে, এখনো করছে।”
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদকে সকালে দেখতে যান তরিকুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
যশোরের নেতা তরিকুল বলেন, “ভারত সরকারের আমন্ত্রণে খালেদা জিয়া নয়া দিল্লি সফর করেন। আমিও তার সফরসঙ্গী ছিলাম।
“এই সফরে তিনি (বিরোধী দলীয় নেতা) ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শিব শংকর মেনন, পররাষ্ট্র মন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির চেয়ারম্যান প্রমুখ নেতাদের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।”
“আমরা ভারতীয় নেতৃবৃন্দের কাছে টিপাইমুখে বাঁধ নির্মাণে বাংলাদেশের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কার বিষয়টি তুলে ধরেছি। তিস্তার পানি বন্টনের দ্রুত সমাধান চেয়েছি।”
“সীমান্ত হত্যা বন্ধ, মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ছিটমহল দ্রুত ফেরত প্রদান, কানেকটিভি, অসম বাণিজ্য ব্যবধান দুর করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে।’’
তরিকুল বলেন,“আমরা ওই সব আলোচনায় সমমর্যাদার ভিত্তিতে বিরাজমান সমস্যার সমাধান চেয়েছি।
তিনি বলেন, “ভারত তার নীতির খানিকটা পরিবর্তন করেছে। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই নীতির পরিবর্তনের কথা জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশের কোনো একটি দল নয়, সব রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়।”
“জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। এভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তাই প্রধানমন্ত্রীকে বলব, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন,” বলেন বিএনপি নেতা।
অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদকে দেখতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক খন্দকার মনিরুল আলম, আবদুল হাই শিকদার, আবদুস সালাম।
বৃহস্পতিবার অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক আলী আহসানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এরপর তরিকুল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও মহানগরের ১৪ নং ওয়ার্ড সভাপতি শাহজাহান সাজুকে দেখতে যান। তাদের চিকিৎসার খোঁজ নেন।
