২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দলের ৮ দলই হরতালে নেই

হরতালের আগের দিন বুধবার সন্ধ্যায় ইসলামী ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহীউদ্দিন খানসহ আটটি দলের নেতারা এক বিবৃতিতে বলেন, ওই কর্মসূচিতে তারা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

কমিউনিস্টদের বিরুদ্ধে ইসলামী ও সমমনা ১২ দলের নামে বৃহস্পতিবার হরতাল ডাকা হলেও এই মোর্চার আটটি দলই এক বিবৃতিতে জানিয়েছে, এই কর্মসূচিতে তারা নেই।

হরতালের আগের দিন বুধবার সন্ধ্যায় ওই বিবৃতি আসে। বিবৃতিদাতাদের মধ্যে ইসলামী ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহীউদ্দিন খানও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “সকলের সাথে পরামর্শ ব্যাতিরেকে আগামীকাল ইসলামী ও সমমনা ১২ দলের নামে আহুত হরতালের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, এ বিষয়ে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি।”

তবে ধর্মভিত্তিক দল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার সিপিবি ও বাসদসহ বামপন্থী দলগুলো যে হরতাল করেছে, তাদের দাবির প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিদাতারা।

“ধর্মহীন রাজনীতি মানুষকে মূলত চরিত্রহীন ও অমানুষ করে। স্বাভাবিকভাবে শতকরা ৯০ ভাগ মুসলমানের এ দেশে গতকাল যারা ধর্মীয় রাজনীতি বন্ধের দাবিতে সরকার সমর্থিত হয়ে হরতাল করেছে, তাদের সাথে কোনো অবস্থাতেই অামরা একমত নই,” বলা হয় বিবৃতিতে।

বিবৃতির বিষয়ে যোগাযোগ করা হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র মহাসচিব আলমগীর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই হরতাল আহ্বান করা হয়। আমরা এ হরতালের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই।”

“১২ দলের মধ্যে আমরা আট দলই কালকের (বৃহস্পতিবার) হরতালের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। আমরা কোনো হরতাল আহ্বান করিনি,” বলেন বিবৃতিদাতা এই নেতা।

হরতালের বিরোধিতা করে বিবৃতিটি দেয়া হয়েছে ইসলামী ও সমমনা ১২ দলের নামে। অন্যদিকে হরতাল ডাকাও হয় ইসলামী ও সমমনা ১২ দলের নামে।

হরতালের বিরোধিতায় বিবৃতিতে এই মোর্চার আহ্বায়ক মাসিক মদীনার সম্পাদক মুহীউদ্দিন খানের নাম রয়েছে। অন্যদিকে হরতাল আহ্বোন করে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন খেলাফত আন্দোলনের মহাসচিব জাফর উল্লাহ খান।

হরতালের বিরোধিতা করে বিবৃতিদাতারা হলেন- মুহিউদ্দীন খান, মোর্চার যুগ্ম আহ্বায়ক ও খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আব্দুর রকিব ও মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নূরুল হক মজুমদার ও মহাসচিব কাজী আবুল খায়ের, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি আব্দুল মোবিন, মহাসচিব এম এ রশিদ প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব আলমগীর মজুমদার এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও মহাসচিব হাশরত খান ভাসানী।

পুরান ঢাকার লালবাগে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার হরতালের সংবাদ সম্মেলনে সদস্য সচিব জাফর উল্লাহ খান জানান, ইসলামী ও সমমনা ১২ দল এই হরতাল ডেকেছে।

ওই সংবাদ সম্মেলনের পরপরই এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ দলের হরতালের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

জাফর উল্লাহর সংবাদ সম্মেলনে ১২ দলের মধ্যে বাংলাদেশ ন্যাপের নামও বলা হয়েছিল।

বাংলাদেশ ন্যাপের পর ন্যাপ (ভাসানী) ও এনডিপি নেতারাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হরতালের কর্মসূচিতে একাত্ম নয়।

এখন খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা-মাশায়েখ আন্দোলন, আইনমা পরিষদ ও জমিয়তে উলামা ইসলাম ছাড়া বাকি সব দলই হরতালের বিপক্ষে অবস্থান নিয়েছে।

জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে সিপিবি ও বাসদসহ বামপন্থী দলগুলোর ডাকে মঙ্গলবার সারাদেশে সর্বাত্মক হরতালের পর জাফরউল্লাহ পাল্টা হরতালের ডাক দেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ধর্মীয় রাজনীতি বন্ধের দাবিতে ‘কমিউনিস্টরা’ সরকারের প্রকাশ্য মদদে হরতাল পালন করে কুরআন-সুন্নাহ ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের এ অপচেষ্টার প্রতিবাদে আগামী ২০ ডিসেম্বর আমরা সকাল সন্ধ্যা হরতাল পালন করব।”

এদিকে বুধবার সন্ধ্যায় হরতালের বিরোধিতা করে বিবৃতি আসার আগে খেলাফত আন্দোলনের দপ্তর সম্পাদক সুলতান মহীউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মেলন থাকায় ঢাকায় বৃহস্পতিবারের হরতাল সংক্ষিপ্ত করে আধাবেলা করেছেন তারা। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে রংপুর হরতালের আওতামুক্ত থাকবে।

শুরুতেই হরতালের বিরোধিতা করে তিনটি দল বাংলাদেশ ন্যাপ, ন্যাপ (ভাসানী) ও এনডিপির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “তাদের (ওই তিনটি দল) নিয়েই ১২ দল গঠন করা হয়েছে। তারা হরতালে সমর্থন করছেন।”

পরে অবশ্য তিনটির সঙ্গে আরো পাঁচটি যোগ হয়ে আটটি দলের বিবৃতি আসে।

এখন আরো অনেক দল ১২ দলে রয়েছে বলে সুলতান মহীউদ্দিন দাবি করেন। দলগুলোর নাম জানতে চাইলে তিনি এই বিষয়ে দলীয় মহাসচিবের সঙ্গে কথা বলতে বলেন।

মহাসচিব জাফর উল্লাহ খানের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।