২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথি দেখে প্রতিবেদন দেবেন পর্যবেক্ষকরা

মামলার নথি দেখে পর্যবেক্ষক প্যানেল যে প্রতিবেদন দেবে তার ভিত্তিতেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নির্ভর করবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

মামলার নথি দেখে পর্যবেক্ষক প্যানেল যে প্রতিবেদন দেবে তার ভিত্তিতেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নির্ভর করবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাত জনের বিরুদ্ধে মামলা করার পরদিন এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক এ কথা জানাল।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক প্যানেল দুর্নীতি দমন কমিশনের করা মামলার এজাহার পর্যালোচনার পর একটি প্রতিবেদন দেবে। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি প্যানেলের ওই প্রতিবেদনের ওপরই নির্ভর করবে।”

আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের এই প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে। এ মামলায় কাদের আসামি করা হবে তা নিয়ে দুদকের সঙ্গে মতানৈক্যের মধ্যেই গত পাঁচ ডিসেম্বর তারা ঢাকা ছাড়েন।

কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।

দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকার এবং তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দুর্নীতির অভিযোগ নাকচ করে অনড় থাকেন। এই প্রেক্ষাপটে গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক।

এরপর আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে ছুটিতে পাঠানোসহ সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক প্রকল্পে ফেরার ঘোষণা দেয়।

তাদের দেয়া শর্ত অনুযায়ী ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের পর্যবেক্ষক প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে ঢাকায় আসেন।

তারা বিদায় নেয়ার ১২ দিনের মাথায় সোমবার দুদক যে মামলা করেছে তাতে প্রধান আসামি করা হয়েছে সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে।

তবে আলোচনায় থাকা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রসঙ্গে এজাহারে বলা হয়, ঘুষ লেনদেনের ষড়যন্ত্রে তাদের ভূমিকার বিষয়ে অনুসন্ধানে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে পারেনি দুদক। মামলার তদন্তের সময় তাদের বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সাংবাদিকদের কাছে দাবি করেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করেই দুর্নীতি দমন কমিশন সাতজনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার বিষয়টি বিশ্ব ব্যাংককে জানিয়ে সরকার এখন তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে বলেও তিনি উল্লেখ করেন।