বিচার শেষের অঙ্গীকারে আ. লীগের শোভাযাত্রা
বিজয়ের ৪১তম বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার শেষ করার অঙ্গীকার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিজয়ের ৪১তম বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার শেষ করার অঙ্গীকার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে থেকে শোভাযাত্রা শুরুর আগে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “কোনো শক্তি নেই যে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই রায় কার্যকর হবে।
“যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার শপথ নিয়েই আমরা এই বিজয় দিবস পালন করছি। ষড়যন্ত্র হবে। অতীতেও আমরা অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেছি।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই বিজয় শোভাযাত্রায় বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। যোগ দেয় সহযোগী বিভিন্ন সংগঠনও।
দুপুর আড়াইটার পর থেকেই ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর মিছিল সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কের মাঝের রাস্তায় জড়ো হতে থাকে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে খোলা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করা হয়।
ছোট ট্রাক, রিকশা ভ্যান, ঘোড়ার গাড়ি নিয়ে অনেক এলাকা থেকে নেতা-কর্মীরা বিজয় মিছিল নিয়ে শাহবাগ এবং মৎস্য ভবনের দিক থেকে অস্থায়ী মঞ্চের সামনে জড়ো হতে থাকে। প্রত্যেকটি মিছিলে ছিল যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার দাবি সম্বলিত প্ল্যাকার্ড।
মিছিলগুলোর সামনে ছিল দলের নারী কর্মীরা। তাদের পরনে ছিল জাতীয় পতাকার আদলে সবুজ জমিনে লাল পাড়ের তাঁতের শাড়ি। ছিল বাদক দল, তারা তুলেছিলেন ‘জয় বাংলা- বাংলার জয়’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং “শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরে’ গানের সুর।
কোনো মিছিলে ছিল ছোট ছোট ট্রাক। আর, ট্রাকগুলোতে জেনারেটর চালিয়ে বিশাল স্পিকারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানগুলো বাজানো হচ্ছিল।
কোনো মিছিলের মাঝে ছিল দেলাওয়ার হোসাইন সাইদী ও গোলাম আযমের কুশপুতুল, যে দুই ব্যক্তি যুদ্ধাপরাধের অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি। মিছিলে কেউ সেজেছিলেন মুক্তিযোদ্ধা বা মিত্র বাহিনীর শিখ সদস্য।
মিছিলগুলোতে ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ বিকাল ৪টায় এই বিজয় শোভাযাত্রা উদ্বোধন করার আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতা-কর্মীতে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে সেগুন বাগিচা এলাকা পূর্ণ হয়ে যায়।
সন্ধ্যায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রা শুরুর আগে সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন।
সমাবেশে সৈয়দ আশরাফ সব ‘ষড়যন্ত্র’ মোকাবেলা করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলেছেন, যেন যুদ্ধাপরাধীদের বিচার না হয়।
“ওনার দাবি তত্ত্বাবধায়ক সরকার নয়। ওনার লক্ষ্য ঘনিষ্ঠ সহচর যুদ্ধাপরাধীদের রক্ষা করা।”
যুদ্ধাপরাধীদের বিচারে সরকারে অঙ্গীকার স্মরণ করে আশরাফ বলেন, “বাঙালি যা বলে, তা কার্যকর না করে ঘরে ফেরে না। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশকে স্বাধীন করতে। তখন অনেকে আমাদের বিশ্বাস করতে পারেনি, তখনকার অনেক বড় বড় দেশ আমাদের সাহায্য করেনি। তারা ভেবেছিল, আমাদের উদ্যোগ বৃথা যাবে।”
“যে জাতি বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে- তারা এই বিচার বানচাল হতে দেবে না,” বলেন আশরাফ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতে করবই করব।
“বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির খালেদা জিয়া আপনি যতই চেষ্টা করেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবেন না।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম প্রমুখ।
