২৬ ডিসেম্বরের আগে নতুন কর্মসূচি নেই বিএনপির
“২৩ ও ২৬ ডিসেম্বর আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। দাবি না মানলে এরপর আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব,” হরতাল শেষে বলেছেন বিএনপি তরিকুল ইসলাম।
সপ্তাহজুড়ে একদিন অবরোধ এবং দুদিন হরতালের পর আগামী ২৬ ডিসেম্বরের আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল হরতালের মতো নতুন কোনো কর্মসূচি দিচ্ছে না।
বৃহস্পতিবার আধাবেলা হরতালের পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “আগামীকাল থেকে আমাদের বিজয় দিবসের কর্মসূচি শুরু হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৩ ও ২৬ ডিসেম্বর কর্মসূচি রয়েছে। তাই দাবি না মানলে এই সময়ের পর আমরা অবশ্যই কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ২৩ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ এবং ২৬ ডিসেম্বর রাজধানীতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং অন্যান্য জেলায় কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ কর্মসূচি রয়েছে।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গত ৯ ডিসেম্বর (রোববার) রাজপথ অবরোধ কর্মসূচি দেয় ১৮ দল, এতে সারাদেশে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়।
অবরোধে ‘হামলার’ প্রতিবাদে মঙ্গলবার হরতাল ডাকলে তার আগের দিন সোমবার গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অবরোধে গাড়ি ভাংচুরের মামলায় তিনি এখন কারাগারে।
ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডাকে ১৮ দল। বিক্ষিপ্ত বোমাবাজি ও ভাংচুরের মধ্যে দুপুর ২টায় এই কর্মসূচি শেষ হয়েছে।
দুপুরর ২টার পর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে তরিকুল বলেন, জনগণের ‘সমর্থনে’ তাদের কর্মসূচি ‘সফল’ হয়েছে।
তিনি অভিযোগ করেন, “শান্তিপূর্ণ হরতালে পুলিশসহ ক্ষমতাসীন দলের সশস্ত্র কর্মীরা ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতন চালিয়েছে।”
হরতাল প্রত্যাহারে ব্যবসায়ী নেতাদের আহ্বানের প্রতিক্রিয়ায় তরিকুল বলেন, “আমরা হরতাল দিতে চাই না, কিন্তু সরকার নির্যাতন চালিয়ে আমাদের হরতাল করতে বাধ্য করছে।
“ব্যবসায়ীরা বিরোধী দলকে হরতাল না করার অনুরোধ করেছেন। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন- আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকাকালে ১৭৪ দিন হরতাল করেছিল, তখন এই ব্যবসায়ী সমাজ কেন এত সোচ্চার ছিলেন না।”
‘খালেদাকে গ্রেপ্তার করলে ললিপপ চুষব না’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও গ্রেপ্তারের হুমকি দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করেন তরিকুল।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে দাবি করে পদত্যাগও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
তরিকুল বলেন, “তিনি (মন্ত্রী) বিরোধীদলীয় নেতাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। তাকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনি দেশনেত্রীকে গ্রেপ্তার করবেন, তখন আমরা ললিপপ চুষব না।”
মির্জা ফখরুলকে গ্রেপ্তার নিয়ে বিরোধীদলীয় নেতাদের সমালোচনার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ উভয়ই বলেছিলেন, অপরাধ করলে বিরোধীদলীয় নেতাও ছাড় পাবেন না।
মহীউদ্দীন খান আলমগীরের সমালোচনা করে তরিকুল বলেন, ‘বিশ্বজিত দাস হত্যাকারীদের মূল প্রেরণাদাতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সেই ব্যক্তি, যার কাছে রাষ্ট্র কখনো নিরাপদ নয়।
“এ ব্যক্তিই প্রথম দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জনপ্রশাসনে বিশৃঙ্খলা ঘটিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। উস্কানিমূলক বক্তব্য ও সন্ত্রাস পরিপালনের জন্য তিনি খ্যাতিমান।”
হরতালে গ্রেপ্তার তিনশ’
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বৃহস্পতিবারের আধাবেলা হরতালে সারাদেশে ১৮ দলের তিনশ’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিনে ১ হাজার ৮০০ নেতা-কর্মী গ্রেপ্তার এবং ৩ হাজারের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবারের হরতালে হামলায় বিরোধী দলের ৮৪৭ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানান তরিকুল।
তিনি বলেন, ঢাকা মহানগর, কুমিল্লা, পিরোজপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, খুলনা, বরগুনা, লক্ষ্মীপুর, গাজীপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়ীয়া, সাতক্ষীরা, কুড়িগ্রাম, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, নারায়ণগঞ্জ, চাঁদপুরে হামলার শিকার হয়েছেন বিরোধী দলের নেতা-কর্মীরা।
“বিরোধী দলের কোনো কর্মসূচির কথা শুনলেই সরকার দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। এজন্য রাষ্ট্র যন্ত্রকে তারা টর্চারিং মেশিনে পরিণত করে আমাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে,” বলেন সাবেক মন্ত্রী তরিকুল।
মির্জা ফখরুলকে অবিলম্বে মুক্তি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তরিকুলের সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সরোয়ার, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, আবেদ রাজা, মোহাম্মদ হানিফ, বেলাল আহমেদ, আবু সাঈদ খান খোকন, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হারুন অর রশীদ, নাজিম উদ্দিন আহমেদ, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, নিলোফার চৌধুরী মনি, শিরিন সুলতানা, হাবিব-উন নবী খান সোহেল, আবদুল আউয়াল খান।
