২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে পাঠানোয় ক্ষতিপূরণ দাবি খোকনের

গত এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে পাঠানোয় ক্ষতিপূরণ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে পাঠানোয় ক্ষতিপূরণ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। সোমবার ক্ষতিপূরণ চেয়ে তিনি একটি আবেদন হাই কোর্টে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের বেঞ্চে দাখিল করেছেন। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় ওই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় গত ২১ মে বিচারিক আদালত মাহবুব উদ্দিন খোকনকে কারাগারে পাঠায়। পরে ২৬ মে হাই কোর্ট থেকে জামিন পেয়ে পরদিন ছাড়া পান তিনি। ‘এখতিয়ার বহির্ভূত’ আদালতের আদেশে তার এই কারাবাসের ফলে ক্ষতিপূরণের এই আবেদন করলেন তিনি। আবেদনে খোকন তার ওই কারাবাসের ফলে বিবাদীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে তিনি হাই কোর্টের কাছে নির্দেশনা প্রার্থনা করেন। মামলায় বিবাদীরা হচ্ছেন, আইন সচিব, ক্যাবিনেট সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. এরফান উল্লাহ ও হারুন অর রশীদ। সোমবার এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে খোকনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন। হাই কোর্টে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনেরও শুনানি হয়। এই মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে আগামী বুধবার। ওই দিন আদেশ দেয়া হতে পারে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করে। এরপর বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের একটি রিট আবেদনে হাই কোর্টের এই বেঞ্চ গত ৬ অগাস্ট ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। পাশাপাশি গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘœকাারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক হবে না, আদালত তাও জানতে চায় সরকারের কাছে। পরে ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেয় হাই কোর্টের অন্য একটি বেঞ্চ। গত ১২ অগাস্ট রাষ্ট্রপক্ষ ওই বেঞ্চে স্থগিতাদেশ প্রত্যাহারে আবেদন করে। গত ২২ নভেম্বর একই বিষয়ে একটি সম্পূরক আবেদন জমা দেয় রাষ্ট্রপক্ষ। এখন ওই রিটেই সম্পূরক আবেদন দিয়ে ক্ষতিপূরণ চাইলেন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯৪১ ঘ.