ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় একটি বাস ভাংচুর করে হামলাকারীরা ইনস্টিটিউটের ভেতরে ঢুকে পড়ে। পরে তারা বেরিয়ে এলে পুলিশ গ্রেপ্তার করে।
তবে শহীদ জিয়া স্মৃতি সংসদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, আটক সবাই বিএনপি সমর্থক। একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসেছিলেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এমএ মান্নান জমাদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির উপদেষ্টা সাঈদ এস্কান্দরের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কর্মসূচি ছিল আমাদের। অনুষ্ঠানের প্রধান অতিথি মওদুদ আহমদের জন্য সবাই অপেক্ষায় ছিলেন। হঠাৎ করে পুলিশ এসে তাদের কয়েকজনকে ধরে নিয়ে যায়।”
পুলিশ উপ কমিশনার নূরুল ইসলাম জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে একদল যুবক হামলা চালিয়ে ভাংচুর করে। তারা আগুন লাগারও চেষ্টা চালায়। এর পরপরই তারা ইনস্টিটিউটে ঢুকে পড়ে।
“যাদের আটক করা হয়েছে তাদের যাচাই বাছাই করা হচ্ছে। নিরাপরাধ কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না”, বলেন তিনি।
রোববার ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে সারা দেশে শতাধিক গাড়ি ভাংচুযর করে বিরোধী দলের কর্মীরা। এসব ঘটনায় ভাংচুর, হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে কেবল রাজধানীতেই ৩৮টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/১৮২০ ঘ.
bdnews24