ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের কর্মসূচি ব্যাহত করতে চাইলে ধারাবাহিকভাবে পাল্টা কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সোমবার জাতীয়বাদী আইনজীবী ফোরামের আয়োজনে এক সভায় মওদুদ আহমদ বলেন, “আমি বলতে চাই, আপনাদের বাধার কারণে হরতাল আরো বেশি স্বতস্ফূর্তভাবে পালন হবে। আগামীকালের এই হরতাল আরো বেশি সফল হবে।”
১৮ দলের অবরোধ কর্মসূচিতে সরকারের হামলা-নির্যাতন এবং নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় রোববার অবরোধে সারাদেশে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর ও সংঘর্ষের পর রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হরতালের সিদ্ধান্ত হয়।
মওদুদ বলেন, “আমাদের সমাবেশ যদি ব্যাহত করতে চান, তাহলে পাল্টা কর্মসূচি আমরা দিতেই থাকবো। যতদিন পর্যন্ত এই সরকার সংধিান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য না হবে ততদিন আন্দোলন চলতেই থাকবে।”
অবরোধ কর্মসূচিকে ‘শান্তিপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, “সারা জাতি দেখেছে, এমন একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার জন্য তারা (আওয়ামী লীগ) কি করেছে। তারা যে একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল তারা আবার গতকাল প্রমাণ করেছে। ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ এবং পুলিশ মিলে এই কি পরিস্থিতি সৃষ্টি করেছে। এই সরকার নতুন করে আবার হত্যার রাজনীতি শুরু করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকে জয়নুল আবেদীনের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জামায়াতের সহকারি সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৫১৭ ঘ.
bdnews24