২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে যানবাহনে ব্যাপক ভাংচুর, আগুন

রাজপথ অবরোধ চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে বিরোধী দলের নেতাকর্মীরা অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথ অবরোধ চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে বিরোধী দলের নেতাকর্মীরা অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করেছে। এ সময় তারা অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দফায় দফায় পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শতাধিক লোক আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, দুই শতাধিক কাঁদানে গ্যাস ও শট গানের গুলি ছোঁড়ে। ১৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৭টার দিকে বিএনপি কাঁচপুর সেতু ও বিসিক শিল্প নগরী এলাকায় পর পর দুটি মিছিল বের করে। এ সময় একটি প্রাইভেটকার ও একটি ট্রাক ভাংচুর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পিকেটাররা আরো কয়েকটি যানবাহন ভাংচুর করে। পুলিশ কাঁদানে গ্যাস ও শট গানের গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একই এলাকায় সকাল পৌঁনে ৯টার দিকে জামায়াত-ছাত্র শিবিরের মিছিল বের করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা ১৫/২০টি গাড়ি ভাংচুর করে বলে জানায় পুলিশ। এদিকে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধের বিপক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে ২০-২৫টি ট্রাক ও পিকআপভ্যানে কয়েকশ’ লোক লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। তারা বিএনপি সমাবেশে ধাওয়া দেয়। এক পর্যায়ে বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের গাড়ি মিছিলে হামলা চালায়। পরে বিরোধী দলের নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে বেলা ১১টার দিকে জামায়াত ইসলামীর একটি মিছিল থেকে কাঁচপুরের নয়াবাড়ি মেট্রো সিএনজি এ্যান্ড ফিলিং স্টেশন ভাংচুর করে বলে অভিযোগ করেন স্টেশনটির মালিক সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরে আলম খান। এ সময় সেখানে পার্কিং করে রাখা ৫টি মোটরসাইকেল ও একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জামায়াত নেতাকর্মীরা মানবজমিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আবুবক্কর ও বাংলাবাজার পত্রিকার ফরিদ হোসেনের দুটি মোটর সাইকেল ভাংচুর করে। অবরোধের বিরুদ্ধে দুপুর ১২টায় সরকার সমর্থকরা কাঁচপুর এলাকায় দফায় দফায় মিছিল বের করে। জেলা বিএনপি ও পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জেলা ওলামা দলের সভাপতি সামছুর রহমান খান বেনু. শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সোনারগাঁও থানার ওসি হারুন অর-রশিদ, পাঁচ জন উপ-পরিদর্শক (এসআই)সহ অন্তত ১৫ পুলিশ সদস্যের সঙ্গে আরো শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কাঁচপুর হয়ে ঢাক-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের ৩৮টি রুটের যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়াও এদিন শহরের মাসদাইর, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, ফতুল্øার পঞ্চবটিসহ বেশ কয়েকটি স্থানে পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৪ ঘ.