নাটোর/সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
এদিকে অবরোধে একব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রোববার বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
এক যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে নাটোর শহরের আলাইপুরের নিজ বাসা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়।
তার মুক্তির দাবিতে জেলা বিএনপি নাটোরে সোমবার সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে।
রোববারও বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
এদিকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুবলীগ নেতা পলাশ কর্মকারের অস্ত্রোপচার হয়েছে। তার পেটের ডানপাশ থেকে একটি গুলি উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান বলেন, শনিবার (৯ ডিসেম্বর) রাত ১টায় দুলুকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিএনপিকর্মী আসলাম, আহমেদুল ও শামীমকেও গ্রেপ্তার করা হয়।
এর আগে রাত ১১টায় দুলুর আলাইপুরের বাসার প্রধান ফটকের সামনে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কর্মকার (৩২) ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান শাহীন (৩৮) গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত পলাশ কর্মকারকে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, আহত পলাশের পক্ষে দলের নেতা সৈয়দ মর্তুজা আলী বাদী হয়ে রুহুল কুদ্দুস তালুকদারসহ ১৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।
এই মামলায় দুলুকে গ্রেপ্তার দেখিয়ে তাকে নাটোর সদর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
পলাশের বড় ভাই সমীর কর্মকার বিকাল ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তার অস্ত্রপোচার করা হয়। এ সময় পেটের ডানপাশ থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এখনো তার জ্ঞান ফেরেনি।
শহর বিএনপি সভাপতি এবং রুহুল কুদ্দুস তালুকদারের বড় ভাই রুহুল আমিন বলেন, ঘটনার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীনের কানে গুলি লাগে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
তিনি সাংবাদিকদের বলেন, রাত সোয়া ১২টায় তার বাসায় পুলিশ ঢোকে। প্রায় একঘন্টা তল্লাশি করে রাত ১টার পর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপিকর্মী আসলাম, আহমেদুল ও শামীমকে থানায় নিয়ে যায়।
রোববার সকাল ১১টায় নাটোর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।
নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি কর্মীরা ভোর থেকে শহরের হরিশপুর, মাদ্রাসামোড়, বনবেলঘরিয়া এলাকায় বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে। এ সময় পুলিশের সঙ্গেও তারা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম বলেন, রোববার পূর্বনির্ধারিত গণমিছিলের প্রচারণা শেষে দুলুর বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন যুবলীগকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর গুলিবর্ষণ করে।
নাটোর সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, অবরোধ চলাকালে এনায়েতপুরে এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে সোমবার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
অবরোধ কর্মসূচি চলাকালে সকালে সিরাজগঞ্জে বিরোধী দলের ওয়ারেজ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। তাকে ওয়ার্ড জামায়াতের নেতা বলে দাবি করেছে দলটি।
এ হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা জামায়াতের সেক্রেটারি শাহিনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ারেজ আলী হত্যার প্রতিবাদে সোমবার জেলায় ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
বিকালে জেলা জামায়াতের এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয় বলে জানান শাহিনুর।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
কর্মসূচির শুরুতে সিরাজগঞ্জে মহাসড়কে প্রায় ৫০টি যানবাহন ভাংচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24