২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৫০টি যান ভাংচুর, সংঘর্ষ

সিরাজগঞ্জে বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলার সময় ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 05:13 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- সিরাজগঞ্জে বিরোধী দলের অবরোধ কর্মসূচির শুরুতেই মহাসড়কে প্রায় ৫০টি যানবাহন ভাংচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ভোরই ঘন কুয়াশার মধ্যে ১৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের কড্ডার মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা যানজটে আটকা পড়া প্রায় ৫০টি বাস, ট্রাক ও লেগুনা ভাংচুর করে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়। হৃদয় এন্টারপ্রাইজের বাস চালক লিটন জানান, ভোর ৬টার দিকে কড্ডার মোড়ে পৌঁছলে নেতাকর্মীরা বাসে ভাংচুর শুরু করে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার জানান, শতাধিক নেতাকর্মী নিয়ে ভোর ৬টা থেকে তারা কড্ডার মোড়ে অবস্থান করছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পরে ঘটনাস্থলে পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিরাজগঞ্জ সদর সার্কেল সহকারী পুলিশ সুপার এহসানুল কবীর জানান, ঘন কুয়াশার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। “আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেই ১৮ দলীয় নেতাকর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে আমাদের উপর চড়াও হচ্ছে। শক্তি বাড়িয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।” পরে এএসপি এহসানুলের গাড়িও ভাংচুর করে অবরোধকারীরা। এ সময় সাইফুল ও নজরুল নামের দুই কনস্টেবল আহত হন। খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, পুলিশের গুলিতে ৫ ছাত্রদল কর্মী আহত হয়েছে। বেলা ১২টার দিকে কড্ডার মোড় থেকে অবরোধকারীরা সরে গেলে বিপুল সংখক পুলিশ ও র‌্যাব সদস্য সেখানে অবস্থান নেয়। এর পর উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল শুরু হয়। জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, মহাসড়কের কোনাবাড়ী, নলকা, পাঁচলিয়া, সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়, সিরাজগঞ্জ-বগুড়া সড়কের ভুইয়াগাতী, চান্দাইকোনা, নাটোর-বনপাড়া মহাসড়ের মান্নান নগর, বগুড়া-নগরবাড়ী সড়কের উল্লাপাড়া রেলগেট, শাহজাদপুরের বাঘাবাড়ী ঘাট এলাকায় ১৮ দলীয় নেতাকর্মীরা সকালে অবস্থান নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৫২ ঘ.