ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেন, লঞ্চসহ জরুরি সেবায় নিয়োজিত হাসপাতাল-ক্লিনিকের অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, সংবাদপত্রের যানবাহন প্রভৃতি রোববারের রাজপথ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এছাড়া বাংলাদেশে বিদেশি কূটনৈতিক মিশনের যানবাহন এবং শীতকালীন মহড়ার কাজে ব্যবহৃত সামরিক বাহিনীর যানবাহনও অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি আরো বলেন, বিভিন্ন জেলায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছে। এজন্য সামরিক বাহিনীর লরীসহ তাদের যানবাহনও ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবরোধ কর্মসূচি পালনের সময় জনসাধারণকে রাস্তায় গাড়ি বের না করার অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩৬ ঘ.
bdnews24