ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে চার জন।
নীলফামারীতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে সাত জামায়াত-শিবিরকর্মী।
এছাড়া গাজীপুরে জেহাদি বইসহ গ্রেপ্তার করা হয় সাত শিবিরকর্মীকে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার রাতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় শিবিরের জেলা সভাপতি গোলাম সারোয়ার সাইদ, মহানগর সভাপতি নাছিরউল্লাহ, সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বুধবার (৫ ডিসেম্বর) শহরের মন্ডলপাড়ায় শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে এক এসআইসহ চার পুলিশ সদস্যকে আহত করে। ভাংচুর করে পুলিশের একটি পিকআপ ভ্যান।
এর আগে গত ১৯ নভেম্বর শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়ে ওসির পিকআপ ভ্যানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হন।
ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুই মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মাঈনউদ্দিনসহ ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমার বাজারে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সাত জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরপর আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
ডোমার থানার ওসি কফিল উদ্দীন বলেন, বুধবার সন্ধ্যায় ডোমার বাজারে জামায়াত-শিবিরের মিছিল থেকে নিক্ষেপ করা ইটের আঘাতে চার পুলিশ আহত হয়।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলেন পশ্চিম চিকনমাটি গ্রামের সুফি ওমর আব্দুল আজিজ (২৫), গোলাম কবীর (২৬), সহিদুল ইসলাম (২৫), তারাজুল ইসলাম (২৫), সহিদুল ইসলাম বাবু হুজুর (২৫), রব্বু (৪০) ও আশিকুর রহমান (২৬)।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে পুলিশ সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই, লিফলেট, দুইটি কম্পিউটারের হার্ডডিস্ক, সিপিউ ও সিডি জব্দ করা হয়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আবু তাহের (৩০), আবু সালেহ মোহাম্মদ (২৮), ফরহাদ হোসেন (২৩), মেহেদী হাসান (২২), আহসান হাবিব (২১), ফয়সাল আমিন তানভীর (২১) ও জহিরুল ইসলাম (২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৮ ঘ.
bdnews24