২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে আগুন বিএনপির ৩১ নেতার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেয়ার মামলায় বিএনপির ৩১ নেতাকর্মী স্থায়ী জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেয়ার মামলায় বিএনপির ৩১ নেতাকর্মী স্থায়ী জামিন নিয়েছেন। বৃহস্পতিবার সকালে তারা মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির হয়ে জামিন নেন। ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের মুলিবাড়িতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভাস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে সাত জন নিহত হয়। এতে বিক্ষুব্ধ জনতা একটি ট্রেনে আগুণ দেয়। এ ঘটনায় এপিপি অ্যাডভোকেট গোলাম হায়দার বিএনপি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ছয় নেতাসহ অজ্ঞাত পরিচয় দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। জামিন নিতে হাজির হয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দাকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ন মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং দলের স্থানীয় ২৫ নেতাকর্মী। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক আমিরুল ইসলাম জোয়ার্দ্দার শুনানি শেষে প্রত্যেককে ২০ হাজার টাকার বন্ডে মামলার অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন দেন। অসুস্থতার কারণে এ মামলার এজাহারভুক্ত আসামি আ স ম হান্নান শাহ অনুপুস্থিত ছিলেন বলে জানান তাদের আইনজীবী। ট্রেনে কাটা পড়ে মৃত্যু এবং পরে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, ইউএনও ও এপিপি মোট আটটি মামলা দায়ের করে। এসব মামলায় বিএনপির অন্তত ১২শ’ নেতাকর্মীকে আসামি করা হয়। আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি, যে কারণে অভিযোগপত্র দেয়া হয়নি। জামিন নিয়ে বের হয়ে খন্দাকার মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, “ট্রেন পোড়ানো মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আদালতে হাজিরা দিতে এসেছি।” তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে কৌশলে এই ব্যবস্থা বাতিল করেছে, যে কারণে দেশে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের ডাকা সংলাপে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হলে নির্বাচন কমিশনও পূনর্গঠন হবে। সে সময় আমরা কমিশনের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে আলোচনায় অংশ নেব।” পরে নেতারা কালেক্টরেট চত্বরে জেলা বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র মুক্ত দিবস’র আলোচনা সভায় যোগ দেন। জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খন্দাকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৩ ঘ.