২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী প্রার্থী ঠেকানোর প্রস্তাব আওয়ামী লীগের

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ না রাখতে নির্বাচন কমিশনের প্রতি সুপারিশ রেখেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ না রাখতে নির্বাচন কমিশনের প্রতি সুপারিশ রেখেছে আওয়ামী লীগ। সম্প্রতি টাঙ্গাইলে উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থীর জয়ের প্রেক্ষাপটে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এই প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল। দল থেকে বহিষ্কৃত ‘বিদ্রোহী প্রার্থী’ হলে কিংবা অন্য কোনো প্রার্থীকে সমর্থন জানালে তাকে পরপর দুই মেয়াদে নির্বাচন থেকে বিরত থাকার বাধ্যবাধকতা আরোপের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য আহ্বান জানান সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান সৈয়দা সাজেদা চৌধুরী। সুপারিশের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে শুধু শৃঙ্খলাই নষ্ট হয় না, এতে দলের ভিতও নড়ে যায়। ভবিষ্যতে কেউ দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করলে ওই প্রার্থী দল থেকে বহিষ্কৃত হবে এবং সে যেন নির্বাচন করতে না পারে।” দলীয় মনোনয়ন পদ্ধতি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা সুপারিশ করেন, রাজনৈতিক দলগুলো প্রার্থীদের আগাম মনোনয়ন দেবে। যথাসময়ে তালিকা থেকে একজনকে প্রার্থী ঘোষণা করা হবে। “যদি তার প্রার্থিতা বা মনোনয়নপত্র বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প প্রার্থী দলের মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন, কিন্তু কোনো অবস্থাতেই বিকল্প প্রার্থীসহ অন্যরা, যারা দলের মনোনয়ন প্রার্থনা করেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।” আওয়ামী লীগের এই প্রস্তাবের বিষয়ে ইসির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নিতে পারে। তবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রেই দলীয় শৃঙ্খলা রক্ষার এ বিষয় অন্তর্ভুক্ত করা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশে নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০০১২ ঘ.