২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে একুশ জেলায় আটক ১৩১

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে বিভিন্ন জেলায় অন্তত ১৩১ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে বিভিন্ন জেলায় অন্তত ১৩১ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের মধ্যেও বেশিরভাগ জেলায় মঙ্গলবার সকাল থেকে এ হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। জামায়াতের ডাকা এ হরতালে ‘নৈতিক সমর্থন’ দিয়েছে তাদের প্রধান শরিক বিএনপিও। যানবাহন ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এসব আটক করার কথা জানিয়েছে পুলিশ। জেলাগুলো থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় হরতালের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা সকাল ৭টা থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজশাহীর পুলিশ কমিশনার এস. এম মনিরুজ্জামান জানান, সারা দিনে বিভিন্ন এলাকা থেকে ১৭ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি রাজশাহী থেকে। তবে ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। এছাড়া মহানগর এলাকায় রিকশা-ভ্যান, অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুপুরে মহানগর আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল বের করে। হরতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি বলে জানান প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। খুলনা ভোরে নগরীর ময়লাপোতা, রূপসা, খালিশপুর ও বয়রা এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। পিকেটারদের ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়েছেন। পুলিশ জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করে। হরতালে দূরপাল্লার কোন যানবাহন খুলনা ছেড়ে যায়নি। তবে শহরের মধ্যে রিকশা, ইজিবাইক ও টেম্পু চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট ছিল বন্ধ। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। পাবনা হরতালে নাশকতা ও বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টাকালে পুলিশ জামায়াত শিবিরের ২৬ জন কর্মীকে আটক করেছে বলে সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানিয়েছেন। সকালে জামায়াত শিবিরের কর্মীরা জেলার পাবনা-ঢাকা মহাসড়কের বাস টার্মিনাল এলাকা, পু®পপাড়া, জাফরা বাদ ও ঈশ্বরদীর লালন শাহ সেতুর কাছে পিকেটিং এবং ঝটিকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সারাদিন ভারি যানবাহন চলাচল বন্ধ থকলেও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বগুড়া বগুড়ায় হরতাল চলাকালে পুলিশের গাড়িসহ ৪টি যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। মহাসড়কের কিছু ট্রাক চলাচল করতে দেখা গেলেও আন্তজেলা বাস চলেনি। বিভিন্ন এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক ছকির উদ্দিন জানান, সকাল ১০টায় শহরতলীর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে বগুড়া রংপুর মহাসড়কে একটি ট্রাকে জামায়াত-শিবির কর্মীরা আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানায়, সকাল সাড়ে ৭টায় ঢাকা- বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়ীদহ এলাকায় হরতালকারীদের হামলায় পুলিশের গাড়িসহ একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টায় শেরুয়া বটতলা এলাকায় তারা আরও দুটি ট্রাক ভাংচুর করে। এখানে একজন গ্রেপ্তার করা হয়েছে। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল আলম জানান, পিকেটিংয়ের সময় ফুলতোলা এলাকা থেকে দুজন, গোহাইল এলাকার কাবাষট্টি থেকে চারজনকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, বগুড়া-রংপুর মহাসড়কের চকপাড়া থেকে একজনকে আটক করা হয়েছে। দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুপচাঁচিয়ায় সিও অফিস বাসস্ট্যান্ড থেকে একজনকে আটক করা হয়েছে। বরিশাল ভোরে নগরীর বিভিন্ন স্থানে টায়ারে অগ্নি সংযোগ করেছে জামায়াত-শিবিরের পিকেটাররা। কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির পুলিশের উপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক করা হয়েছে। কক্সবাজার কক্সবাজারে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জামায়াত-শিবিরের পাঁচ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, শহরে একজন এবং ঈদগাঁওয়ে চার জনকে আটক করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা কোটবাজার এলাকায় ৩টি মিনিবাস ভাংচুর করে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে এ ঘটনা সঠিক নয় বলে উখিয়া থানার ওসি আপেলা রাজু নাহা জানান। কুড়িগ্রাম উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, হরতালের সমর্থনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে জামায়াতের ৩ জনকে আটক করা হয়। সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের পাটেশ্বরী এলাকায় শিবির কর্মীরা গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। কুড়িগ্রাম সদর থানার ওসি ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়। কিশোরগঞ্জ কিশোরগঞ্জে দূরপাল্লার বাস ট্রাক চলাচল করেনি। তবে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান খোলা থাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, সকালে পিকেটিংয়ের চেষ্টা করার সময় দুই জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের মেগনিশতলা এলাকায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় ঢাকা ও চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি বাস ভাংচুর করে তারা। ঘটনাস্থল থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভোরে রাজবাড়ীতে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ী সদর থানার এসআই ওয়াদুদ আলম এবং গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. শাহীন খান এ তথ্য নিশ্চিত করেছেন। নীলফামারী জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত জানান, সকাল সাড়ে ১০টার দিকে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধের চেষ্টা করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জ হবিগঞ্জে হরতালের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলেসুর রহমানসহ (৫৪) জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার বাসা থেকে মুখলেসুরকে আটক করা হয়। অন্যদের শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ। গাইবান্ধা ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। তিন স্থানে পিকেটারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ২৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও শট গানের গুলি করেছে পুলিশ। এ সময় পুলিশ দুই পিকেটারকে গ্রেপ্তার করে। এছাড়া পিকেটারদের হামলায় সুন্দরগঞ্জে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হন। সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান জানান, উপজেলার বেলকার জহুরুল হক বাজারে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিশঙ্খলা সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এ সময় পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৮ রাউন্ড শট গানের গুলি নিক্ষেপ করে। এছাড়া হাসানগঞ্জ রেল স্টেশন এলাকায় একই পরিস্থিতি তৈরি হলে ৪ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সাদুল্লাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, উপজেলার ধাপেরহাট মহেশপুর এলাকায় জামাত-শিবির কর্মীরা মহাসড়কে প্রতবন্ধকতা সৃষ্টি করলে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। লক্ষ্মীপুর শহরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। জেলা শহরের বাস টার্মিনালে শিবিরকর্মীরা গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বাধা দিলে শিবিরের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ডিবির ওসি অহিদুল হক, পুলিশ কনস্টেবল আবুল খায়েরসহ শিবিরের ৮ জন আহত হয়েছেন। এছাড়া শহরের আলীয়া মাদ্রাসা সড়ক, চন্দ্রগঞ্জ, দালাল বাজার, মান্দারী, রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় হরতাল সমর্থকরা দুইটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। শহর থেকে দশ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি গোলাম ছরোয়ার। এদিকে যুবলীগ ও ছাত্রলীগ দিনভর শহরের মোটরসাইকেল মহড়া দেয়। এছাড়াও দফায় দফায় হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে। চুয়াডাঙ্গা হরতালের সময় সহিংশ ঘটনার চেষ্টা করলে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জেলায় হরতালের পরিস্থিতি ছিল ঢিলেঢালা। ভোলা সকালে পিকেটাররা ভোলা-বরিশাল সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। সকালে দোকানপাট কিছুক্ষণের জন্য কোথাও কোথাও বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। সদর, দৌলতখান ও লালমোহন থেকে ৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। নাটোর সকালে হরতাল সমর্থকরা জেলার বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর, বনপাড়া ও রাজ্জাকের মোড়ে চারটি ট্রাক ভাংচুর করে। পুলিশ আসার আগেই হরতাল সমর্থকরা পালিয়ে যায়। শহরে ছোট ছোট যানবাহন চলাচল করে। নাটোরের পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান জানান, হরতালে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এদিকে দুপুরে জেলা যুবলীগ শহরে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিল শেষে তারা ছায়াবানী মোড়ে সমাবেশ করে। সাতক্ষীরা সকালে যশোর-সাতক্ষীরা সড়কের ছয়ঘরিয়া মোড়ে ঈগল পরিবহনের একটি কোচ শিবিরকর্মীরা ভাংচুর করে। এছাড়া পিকেটাররা পুলিশের একটি পিকআপভ্যানসহ সাতটি গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ করেছে পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সদর থানা পুলিশ জামায়াত-শিবিরের ৬ জনসহ ৯ জনকে শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। এছাড়া দেবহাটা ও কালিগঞ্জ থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। এছাড়া শহরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। দূরপাল্লার কোন যানবাহন সাতক্ষীরা ছেড়ে যেতে দেখা যায়নি। দোকান-পাট, অফিস-আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। জয়পুরহাট হরতাল চলাকালে রিকশা-ভ্যান ছাড়া অভ্যন্তরীণ ও দূর পাল্লার যানবাহন বন্ধ থাকলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। সকালে বন্ধ থাকলেও দুপুরের পর থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলতে শুরু করে। হরতাল সমর্থকরা একটি সিএনজি ও একটি অটোরিকশায় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাংচুরের খবর পাওয়া গেছে বলে জানান জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম। এদিকে হরতালের বিপক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার মুক্তিযোদ্ধারা। শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা জামায়াতের আমীর হাক্কানি আলম খানকে শহরের পৌর সুপার মার্কেটের নিজের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানকে (৩৫) খামারপাড়া বাজারের একটি ওষুধের দোকান থেকে আটক করে পুলিশ। শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া বরগুনা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ও শেরপুর প্রতিনিধিরা জানান, ওইসব জেলায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/সিএস/২১৩৬ ঘ.