২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াত-শিবিরের বোমাবাজি

যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে ডাকা হরতালের সকালে রাজশাহীতে বোমাবাজি করেছে দলটির নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে ডাকা হরতালের সকালে রাজশাহীতে বোমাবাজি করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আহত হয় অন্তত পাঁচ জন। মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পুলিশ ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল। হঠাৎ বিনোদপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। “মিছিলে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। এক পর্যায় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় তারা।” পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় জানিয়ে ওসি বলেন, সেখান থেকে তিন জনকে আটক করা হয়েছে। এর আগে সোমবার রাতে নগরীর কাটাখালি এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে সেখান থেকে ছয় জনকে আটক করে পুলিশ। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা হয়নি। হরতাল ঘিরে রাজশাহী নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সব পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ জামান জানান। তিনি বলেন, “যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১০১০ ঘ.