২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের মামলাট্রাইব্যুনাল নিয়ে ৯ ডিসেম্বর হাই কোর্টের আদেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হরতালে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আবেদনে আগামী ৯ ডিসেম্বর আদেশ দেবে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হরতালে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আবেদনে আগামী ৯ ডিসেম্বর আদেশ দেবে হাই কোর্ট। রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ আদেশের এই দিন ঠিক করেছে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। বিএনপি নেতাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। বদরুদ্দোজা বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ রাষ্ট্রপক্ষ শুনানি করেছে। শুনানির পর আগামী রোববার আদেশের জন্য দিন রেখেছে আদালত। আদেশের আগে ওই দিন আমরা শুনানি করব।” গত ১২ অগাস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল ওই বেঞ্চে স্থগিতাদেশ প্রত্যাহারে এই আবেদন দিয়েছিলেন। পরে গত ২২ নভেম্বর এ বিষয়ে একটি সম্পূরক আবেদন জমা দেয় রাষ্ট্রপক্ষ। শুনানির পর মো. ইকরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদনে আমরা বলেছি, সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে গেজেট জারি করেছে। এরপর আইন মন্ত্রণালয় ওই ট্রাইব্যুনালে বিচারকদের নিয়োগ দিয়ে তাদের অধিক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে। এই অবস্থায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ওপর দেয়া হাই কোর্টের স্থগিতাদেশ থাকতে পারে না।” হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় একটি মামলা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করে। এরপর বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের একটি রিট আবেদনে হাই কোর্টের এই বেঞ্চ গত ৬ অগাস্ট ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। পাশাপাশি গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতেও চাওয়া হয় সরকারের কাছে। পরে ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেয় হাই কোর্টের অন্য একটি বেঞ্চ। ওই দিন রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানিতে বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারা অনুযায়ী সরকার গেজেট বিজ্ঞপ্তি দিয়ে দেশের যে কোনো জেলায় এক বা একাধিক দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। একই আইনে বলা হয়েছে, সরকার সংশ্লিস্ট ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবে ও বিচারকের বিচারিক অধিক্ষেত্র নির্ধারণ করবে। “কিন্তু ঢাকার ৫ ও ৭ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে সরকার কোনো গেজেট বিজ্ঞপ্তি জারি করেনি। সিএমএম একটি আদেশ দিয়ে আদালত গঠন ও এর বিচার নিয়োগ করেছে, যা বেআইনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২৩১৪ ঘ.