২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি সোমবার শুরু

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি সোমবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি সোমবার শুরু হচ্ছে। ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৭টায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে অস্থায়ীভাবে নির্মিত বিজয় মঞ্চে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ৪২তম বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাসিম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্পন্দন গোষ্ঠীর নৃত্যানুষ্ঠান ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন আব্দুল জব্বার, মিতা হক, শাহীন সামাদ ও সুবীর নন্দী। সবশেষে পরিবেশিত হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’। বিজয় মঞ্চে আগামী চার থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রদর্শনী, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান এবং পথ নাটক। এছাড়া ৮ ডিসেম্বর যুবলীগ, ১১ ডিসেম্বর স্বেচ্ছাসবক লীগ, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ১৯ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগ, ২২ ডিসেম্বর যুব মহিলা লীগ, ২৪ ডিসেম্বর তাঁতি লীগ এবং ৩০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে। ১৪ দলের বৈঠক আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস জানিয়েছেন, সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে। বৈঠকে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৪৩ ঘ.