২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা চায় খেলাফত আন্দোলন

নিবন্ধনের শর্ত মেনে চলছে না অভিযোগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন খেলাফত আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের শর্ত মেনে চলছে না অভিযোগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন খেলাফত আন্দোলন। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ এনে সে বিষয়েও ইসির পদক্ষেপ চেয়েছে এই দলটি। সংলাপে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটির পক্ষ থেকে বলা হয়, নিবন্ধনের শর্তানুযায়ী কোনো রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠন থাকতে পারে না। বর্তমান ক্ষমতাসীন দল নিবন্ধনের এই বিধিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। “গণতান্ত্রিক দেশে বিরোধী দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে দিচ্ছে না। এটা সংবিধানের লঙ্ঘন। কমিশনকে এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে,” বলেন আশরাফ। এদিন দুপুরের পর বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে সংলাপের সময় ঠিক থাকলেও দল দুটি অংশ নেয়নি। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সভাপতি এম এ মান্নানের নেতৃত্বে সকালে সংলাপে অংশ নিয়ে ১২টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। দলটির প্রস্তাবের মধ্যে রয়েছে- সীমানা নির্ধারণ করে প্রতিটি উপজেলাভিত্তিক সংসদীয় আসন ব্যবস্থা চালু, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। খেলাফত মজলিসের সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে তারা সাতটি প্রস্তাব তুলে ধরে। লিখিত বক্তব্যে হুমায়ুন বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইসলামী দলগুলো গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো এখনো সংশোধন না করার বিষয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ জানান, এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। “ইতোমধ্যে তারা নিবন্ধন পেয়ে গেছে শর্তসাপেক্ষে। আইন মেনে সময় ও সুযোগ দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৩৯ ঘ.