২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন: নাসিম

বিজয়ের মাসে বিএনপিকে তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের মাসে বিএনপিকে তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের সমালোচনা করে যে কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আপনাদের রয়েছে। কিন্তু এটা বিজয়ের মাস। এই মাসে এ ধরনের কর্মসূচি দিয়ে আপনারা জামায়াতের মতো স্বাধীনতা বিরোধীদের উৎসাহিত করছেন না?” নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এছাড়া একই মাসে গণসংযোগ করারও ঘোষণা দেন তিনি। বিজয়ের মাসে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে না দেওয়ার জন্য বিরোধীদলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “বিজয়ের মাস উদযাপনের স্বার্থে আপনারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন।” সংবাদ সম্মেলনে বিজয় মাস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নাসিম। তিনি জানান, সোমবার ভোর ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইদিন বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত বিজয় মঞ্চ থেকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী। সরকারের সফলতা তুলে ধরতে প্রতিদিন একজন করে মন্ত্রী তার মন্ত্রণালয়ের সাফল্য আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে বিজয় মঞ্চে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৭৩৬ ঘ.