ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান হলেই বিরোধী দল বিএনপি সংলাপে আসতে রাজি হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সংলাপে না আসাটা বিএনপির ‘রাজনৈতিক কৌশল’ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সংলাপে বক্তব্য না দিলেও সীমানা পুননির্ধারণ নিয়ে তাদের মতামত পাঠালে কমিশন তা গ্রহণ করবে।
রোববার দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পঞ্চম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
‘জাতি একটি অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে’- এমন মন্তব্য করে গণমাধ্যমে তার বক্তব্য ‘যথাযথভাবে’ উপস্থাপন করারও অনুরোধ জানান কাজী রকিব।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন কেমন সরকারের অধীনে হবে- সেটাই বিরোধী দলের কাছে ‘মূখ্য বিষয়’।
“বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মূখ্য বিষয় নিয়ে তারা সরকারের সঙ্গে ফায়সালায় আসতে পারেন। প্রত্যেক দলের নিজস্ব কৌশল থাকে। আমাদের সংলাপে না আসাটা বর্জন নয়। এটা সময় ও কৌশলের বিষয়।”
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষ থেকে কমিশনকে একটি চিঠি দিয়ে জানানো হয়, তারা সংলাপে অংশ নেবে না।
সিইসি বলেন, “চিঠি পড়ে বোঝার উপায় নেই যে তারা সংলাপে আসবে না। তাদের প্রতিনিধি সংলাপে না আসার বিষয়টি গণমাধ্যমে বলেছেন। তারা এলে যে কোনো সময় আমরা বসব।”
সীমানা পুননির্ধরণ বিষয়ে তথ্য সংগ্রহ করতে বিএনপির কমিটি করার বিষয়টিও পত্রিকায় দেখেছেন বলে জানান তিনি।
“বক্তব্য না রেখে তারা ইসিতে মতামত পাঠিয়ে দিতে পারে। দ্বিতীয়-তৃতীয়বারের মতো সংলাপে বসতেও আমাদের অসুবিধা নেই। বসতে চাইলে আমরা সানন্দে তা গ্রহণ করব”, বলেন কাজী রকিব।
বিএনপির সঙ্গে টানাপড়েন চলছে কি না- এমন প্রশ্নে উস্মা প্রকাশ করে সিইসি পাল্টা প্রশ্ন ছোড়েন- “টানাপড়েন হবে কেন? আপনারা বিষয়টাকে তীর্যকভাবে দেখার চেষ্টা করছেন কোন?”
এর আগে কমিশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন নির্বাচন কমিশনাররা।
নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
ইসির এ সংলাপ বুধবার পর্যন্ত চলবে। শেষ দিন বিকাল ৩টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপসূচি রয়েছে।
গত বৃহস্পতিবার দলটির সঙ্গে বসার কথা থাকলেও সেদিন সংসদ অধিবেশনের সমাপনী দিন হওয়ায় তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24