ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের বক্তব্য আবারো নাকচ করে দিয়ে বিএনপি দাবি করেছে, সিঙ্গাপুর থেকে ফেরত আনা অর্থ আরাফাত রহমান কোকোর পাচার করা নয়।
দলটি এও দাবি করে, যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুরের যে ব্যাংক হিসাবে ওই অর্থ জমা হয়েছে তার সঙ্গে কোকোর কোনো সম্পর্ক নেই।
শনিবার নয়া পল্টনে দলের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।
কোকোর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ সম্পর্কে দলের অবস্থান পরিস্কার করতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, “ফেরত আনা অর্থ বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যায়নি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ব্যাংক-টু-ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সিঙ্গাপুরের এই জাজ কোম্পানির (পিআর জাজ ট্রেডিং কোম্পানি) ব্যাংক হিসাবে জমা হয়েছে।”
তিনি জানান, যুক্তরাষ্ট্রের এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব থেকে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে জাজ ট্র্রেডিং কোম্পানির ব্যাংক হিসাবে ২০ লাখ মার্কিন ডলার স্থানান্তর করা হয়।
কোম্পানি গঠন বা এর জন্য ব্যাংক হিসাব খোলার সঙ্গে কোকোর কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, ওই কোম্পানির পরিচালক কিংবা শেয়ারহোল্ডার বা কোনো কর্মকর্তাও তিনি (কোকো) নন।
তিনি এমন অভিযোগও করেন যে, সরকারের ‘এজেন্ট’ হিসেবে দুদক রাজনৈতিক উদ্দেশ্যে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
“দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সম্প্রতি সিঙ্গাপুর থেকে কোকোর ২০ লাখ সিঙ্গাপুরি ডলার দেশে ফেরত আনার কথা বলেছেন। আমরা বলতে চাই, ওই ফেরত আনা অর্থ কোকোর নয়। দুদক চেয়ারম্যানের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য।”
পদ্মা সেতু প্রকল্পের কথিত দুর্নীতি, হলমার্ক ও ডেসটিনির অর্থ কেলেঙ্কারি এবং পুঁজিবাজারে সরকারের ‘সীমাহীন ব্যর্থতাকে’ আড়াল করে জনগণের দৃষ্টি অন্যত্র ফেরাতে দুদক কোকোর অর্থ ফেরত আনার ভিত্তিহীন দাবি করেছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরো জানান, কোকোর অর্থপাঁচার মামলার বিরুদ্ধে ‘সময়মত’ উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।
গত ২২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন জানায়, তারা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থের একটি অংশ দীর্ঘ চেষ্টার পর দেশে ফেরত এনেছে, যার পরিমাণ প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ‘ঘুষ’ হিসেবে নেয়া এই অর্থ পাচারের জন্য কোকোর ছয় বছরের কারাদণ্ড হয়। সেইসঙ্গে জরিমানা হয়েছে ১৯ কোটি টাকা।
তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তারের পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য ব্যাংককে পাড়ি জমানো কোকো আর দেশে ফেরেননি। তার অনুপস্থিতিতেই সাজার রায় হয়।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে কোকো অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা পাচার করেন বলে প্রমাণিত হয়।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, ২০০৪ সালে সিঙ্গাপুরের নাগরিক লিম ইউ চ্যাং সিঙ্গাপুর ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে একটি হিসাব (অ্যাকাউন্ট) খুলেছিলেন, যার শর্ত ছিল কোকো এবং চ্যাং এর যৌথ স্বাক্ষরেই এই হিসাব থেকে অর্থ তোলা যাবে।
অর্থপাচার মামলায় কোকোর সাজা সম্পর্কে ফখরুল বলেন, এই মামলা ও এর রায় সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে নির্দেশনা আছে, পূর্বের ঘটনা পরের আইনে বিচার করা যাবে না। মানি লন্ডারিং নতুন আইনটি ২০০৯ সালে হয়েছে। কোকোর মামলার ক্ষেত্রে আইন পাসের পূর্বের ঘটনার এই বিচার ২০০২ সালের আইনে না করে পরের আইন অর্থাৎ ২০০৯ সালের আইনে বিচার করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপন্থী।
তিনি আরো যুক্তি দেখান, কোকোর মামলার রায় সিআরপিসির লঙ্ঘন। সিআরপিসির সেকশন-১৮৮ তে বলা আছে, বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে কোনো অপরাধ করলে তা ওই দেশের আইনে অপরাধ বিবেচিত না হলে ওই অপরাধ নিয়ে দেশে কোনো মামলা হতে পারে না।
কোকোর বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলাটি আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে অর্থপাচার মামলাটি হয়। প্যারোলে মুক্তি পেয়ে কোকো বিদেশে যান ২০০৮ সালের ১৮ জুলাই। অথচ মামলার বিবরণ অনুযায়ী সিঙ্গাপুর ওভারসিস ব্যাংকে টাকা জমা হয় ২০০৭ সালের ১৬ নভেম্বর। ওই সময়ে কোকো কারাগারে ছিলেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মেহেদি আহমেদ রুমী, শিরিন সুলতানা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/এইচএ/১৮৩১ ঘ.
bdnews24