গাজীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িচালকদের শিক্ষাগত যোগ্যতাকে অগুরুত্বপূর্ণ বলে আবারো মন্তব্য করলেন শাজাহান খান।
সড়ক দুর্ঘটনার জন্য চালকদের শিক্ষার অভাবকে অনেকে দায়ী করলেও তিনি বলেছেন, “গাড়ি চালানো হচ্ছে একটি টেকনিক্যাল ব্যাপার। এর জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না।”
রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির পরিচিতি সভায় নৌমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, “একজন চিকিৎসক বা নার্স যেমন সেবক, তেমনি চালকরা ঘাতক নয়, জনগনের সেবক।”
গত বছর সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর গাড়িচালকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে সমালোচনা উঠলে চালকদের পক্ষ নেন শাজাহান খান।
তিনি তখনো বলেছিলেন, গাড়ি চালানোর জন্য শিক্ষা ততটা গুরুত্বপূর্ণ নয়, চালকদের কিছু চিহ্ন চিনতে পারলেই হয়।
সড়কে দুর্ঘটনার জন্য চালকদের চেয়ে অবকাঠামোকেই দায়ী করেন শাজাহান খান।
“আরিচা রোডে যেসব বিপদজ্জনক মোড় ছিল, সেগুলো ইতোমধ্যে যোগযোগমন্ত্রীর নির্দেশে প্রশস্ত করা হয়েছে। এতে সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে।”
চালকদের উদ্দেশে এই পরিবহন নেতা বলেন, “গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। ওভারটেকিং, ওভারস্পিডে গাড়ি চালানো বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তার বের করা যাবে না।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, আক্তারুজ্জামান, একে আজাদ ও জসিম উদ্দিন প্রমুখ।
এদিকে এই সভা চলাকালে কালিয়াকৈর বাস টার্মিনালে উপজেলার আওয়ামী লীগের এক সমাবেশে শাজাহান খানের সমালোচনা হয়।
জামায়াত-শিবিরের ‘তাণ্ডবের’ প্রতিবাদে ডাকা এই সমাবেশে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, “উপজেলা ও জেলা আওয়ামী লীগকে বাদ দিয়ে নৌপরিবহনমন্ত্রী বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগদান করায় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিম কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৮ ঘ.
bdnews24