২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামুর সমাবেশ বানচালে সরকার কৌশলের আশ্রয় নিয়েছে’

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার রামুর সম্প্রীতি সমাবেশ ব্যর্থ করতে সরকার নানা ‘কলা-কৌশলের’ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

কক্সবাজার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার রামুর সম্প্রীতি সমাবেশ ব্যর্থ করতে সরকার নানা ‘কলা-কৌশলের’ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের একটি আবাসিক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শনের জন্য খালেদা শুক্রবার বিকাালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে কক্সবাজারের রামুর উদ্দেশে রওনা হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারাও বিরোধী দলীয় নেত্রীর সঙ্গী হয়েছেন। ঢাকা থেকে একসঙ্গে রওনা হলেও মওদুদ আহমদ অন্য গাড়িতে করে আগেই কক্সবাজার পৌঁছান। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলীয় নেতা শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে থাকবেন। পরদিন সকাল ১০টায় রামুর উদ্দেশে রওনা হবেন তিনি।” শনিবার রামুতে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন শেষে কক্সবাজার সার্কিট হাউজে রাত কাটাবেন বিরোধী দলীয় নেতা।পরদিন সকালে উখিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও ঘরবাড়ি পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় একটি পথসভা এবং রামুতে একটি সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। ফেইসবুকে এক বৌদ্ধ যুবকের কোরআন অবমাননার অভিযোগ এনে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলা হয়। এ সময় বেশ কয়েকটি বৌদ্ধ ও হিন্দু মন্দির পুড়িয়ে দেয়ার পাশাপাশি শতাধিক দোকান ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে মওদুদ দাবি করেন, বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষুরা যাতে সম্প্রীতি সমাবেশে অংশ না নেন সেজন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি চিকিৎসার নামে সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরোসহ কয়েকজন বৌদ্ধ ধর্মীয় গুরুকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকারের সব কলা-কৌশল ব্যর্থ করে খালেদা জিয়ার সমাবেশ সম্প্রীতির মিলন মেলায় পরিণত হবে।” সংবাদ সম্মেলনে অধ্যাপক সুকোমল বড়–য়া, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার সদর আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর ফরিদসহ অন্যান্য নেতার্ াউপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪৪ ঘ.