২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত-শিবির ঠেকানো যুবলীগের কাজ নয়’

জামায়াত-শিবির প্রতিহত করতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের আহ্বানের জবাবে এ কথা বলেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেখামাত্রই জামায়াত-শিবির প্রতিহত করতে স্বরাষ্ট্রমন্ত্রী যুবকদের আহ্বান জানালেও যুবলীগ চেয়ারম্যান বলেছেন, এটা তাদের কাজ নয়। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যুবলীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন, “যেখানেই জামায়াত-শিবির দেখবেন, সা¤প্রদায়িক শক্তির অপতৎপরতা দেখবেন সেখানেই তাদের প্রতিহত করবেন।” তবে সমাবেশে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের জবাবে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, “অফিসে ঢুকে জামায়াত খুঁজে পান না, আর এখন বলছেন, জনগণকে জামায়াত-শিবির খুঁজতে হবে। যুবলীগ কেন তাদের খুঁজবে। এটা তাদের কাজ নয়।” উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, “আমি কি ডিবিতে চাকরি করি নাকি। আমি তো রাজনীতি করি। জামায়াত-শিবির খোঁজা আমার কাজ না। আমার কাজ হচ্ছে জনমত সৃষ্টি করা। আপনার কাজ আপনি করেন, জামায়াত-শিবির আপনি খোঁজেন। যদি না পারেন তাহলে ওই আইজি, ডিআইজি, এসপিকে ধরব। লাঠিপেটা করব।” যুবলীগ চেয়ারম্যান এ ঘোষণার পর সভাস্থলে উপস্থিত যুবলীগ নেতাকর্মীরা করতালি ও স্লোগান দিতে থাকেন। কিন্তু ওমর ফারুকের বক্তব্যের আগেই ‘জরুরি’ কাজের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান। এর আগে সারাদেশে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক হাজার চারশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার মতিঝিলে বিক্ষোভরত জামায়াত-শিবির্র্রকমীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এর পরদিন রামপুরা ও রমনা থানা এলাকায় জামায়াতকর্মীরা পুনরায় মিছিল বের করলে আবারো পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। জামায়াত-শিবিবের ‘তাণ্ডব’-এর ঘটনায় পুলিশ সহনশীলতা ও ধৈর্য্যরে পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “হাতিয়ার ছিনিয়ে নেওয়া সত্ত্বেও পুলিশ ধৈর্য্যচ্যুত হয়নি, কারণ তারা গণতান্ত্রিক বাহিনী।” মন্ত্রীর এ বক্তব্যের জবাবে যুবলীগ চেয়ারম্যান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বাবর বাহিনীর [সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী] হাতে মার খেয়েছেন। এরপরেও তিনি সহনশীল রয়েছেন। এ সহনশীলতার কথা আমাদের শোনাবেন না। এখানে পাণ্ডিত্য দেখানোর জন্য আসবেন না।” স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে ওমর ফারুক বলেন, “আপনারা কি আগে খবর পাননি জামায়াত-শিবির এ কাজ করবে? কি করেছেন? পুলিশকে মার খাইয়েছেন। আরে মিয়া সহনশীলতা না দেখিয়ে মরণশীল হয়ে যান।” যুব সংগ্রাম পরিষদ এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ‘স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ যুবলীগ নেতাকর্মীদের সমন্বয়ে এই পরিষদ গঠন করা হয়েছে। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও পুলিশের ‘সহনশীল’ আচরণের সমালোচনা করেন। জামায়াত-শিবিরের নৈরাজ্য ঠেকাতে পাড়া-মহল্লায় ‘যুব প্রতিরোধ বাহিনী’ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সমাবেশে অন্যদের মধ্যে যুবলীগের সাধারণ সম্পাদক হারুণ-অর রশীদ, যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর, জাতীয় যুব ঐক্যের সভাপতি খায়রুল আলম, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইনমাইল চৌধুরী সম্রাট ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৯৪৫ ঘ.