২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা করছে, পরে মামলাও: ফখরুল

বিরোধী দলকে দমনে সরকার নতুন করে ‘নীল-নকশার’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে দমনে সরকার নতুন করে ‘নীল-নকশার’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিভিন্ন স্থানে কয়েকটি হামলার নজির তুলে ধরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতনের শিকার বিএনপি নেতা-কর্মীদের মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, “সরকার পরিকল্পিতভাবে ভিন্ন মতকে দমনের অপচেষ্টা চালাচ্ছে। দেশকে একদলীয় শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে তারা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিরোধী দলের সভা-সমাবেশে হামলা চালাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে।” দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে দাবি করে তা ঠেকাতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিএনপির মুখপাত্র। গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ নরসিংদীর পলাশে আয়োজিত আলোচনা সভায় ‘সন্ত্রাসী হামলা’র ঘটনা তুলে ধরতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। ফখরুল বলেন, “পলাশে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ দিলীপ ডাক্তার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা ইয়াসমীনের নেতৃত্বে বিএনপি আয়োজিত আলোচনা সভায় হামলা হয়। শ’ খানেক সশস্ত্র সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, সামুরাই ও ড্যাগার ইত্যাদি নিয়ে আলোচনা সভার ওপর হামলা চালায়।” ফখরুল জানান, ওই হামলায় ছাত্রদল নেতা আরিফুর রহমান দিপু ও ফারুকসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। “আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার পর থানাকে প্রভাবিত করে সন্ত্রাসীরা নিজেরাই বাদি হয়ে বিএনপির নিরাপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারা করছে।” স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওর পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন ভারপ্রাপ্ত মহাসচিব। ক্ষমতাসীনদের এরকম ‘হামলার’ বিরুদ্ধে কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের পর থেকে তারা একের পর এক এরকম ত্রাসের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে কর্মসূচি দিয়ে যাচ্ছি। প্রতি মাসেই আমাদের একাধিক কর্মসূচি থাকছে।” সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আখতার ওয়াহিদা ও নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীনও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/এমআই/১৪০৩ ঘ.