চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুণ্ডাদেশপ্রাপ্ত আসামি ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাজ্জাদ হোসেনকে কলকাতায় গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী উপ কমিশনার তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছ থেকে খবর পেয়ে বুধবার পশ্চিমবঙ্গের পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে বলে বাংলাদেশকে জানানো হয়েছে।
ঢাকায় পুলিশের বিশেষ শাখা থেকে সাজ্জাদ সম্পর্কে তথ্য চাওয়া হলে বৃহস্পতিবার তা পাঠিয়ে দেয়া হয়েছে বলেও তারেক আহমেদ জানান।
২০০০ সালের জুলাই মাসে বহদ্দারহাটে একটি মাইক্রোবাসে থাকা ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ আটজনকে সাজ্জাদের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়। পরের বছর এপ্রিলে সাজ্জাদকে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান তিনি।
ওই হত্যা মামলার রায়ে ২০০৮ সালে সাজ্জাদসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া আরো তিন শিবির কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্র আইনের আরেকটি মামলায় ১০ বছরের জেল হয় সাজ্জাদের। তার বিরুদ্ধে আরো অন্তত আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০১৪২ ঘ.
bdnews24