ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে এগিয়ে নিতে ‘অতীত ভুলে’ সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “আসুন অতীত ভুলে ভবিষ্যতের কথা ভেবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাই মিলে দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমাদের অনুধাবন করতে হবে- পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা পেছনে পড়ে আছি।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, সিলেট, দিনাজপুরসহ ৪০টি জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা যোগ দেন। গত অক্টোবরে দুর্গাপূজা হলেও তখন বিদেশ সফরে থাকায় প্রায় ১৫ দিন পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, “বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের একটি উদার রাজনৈতিক দল। আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে মিথ্যাচার ও অপপ্রচার চালায়। অথচ তারা ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে।”
বর্তমান সরকারের আমলে সাতক্ষীরা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।
২০০১ সালের নির্বাচনের পর হিন্দু সম্প্রদায় ও তখনকার বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে সে সময় ক্ষমতায় থাকা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
ওই ঘটনা তদন্তে আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় কমিশন গত বছর এপ্রিলে যে প্রতিবেদন দিয়েছে, তার ভিত্তিতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছে বর্তমান সরকার।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, মামলা-হামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে আপনাদের বাধ্য করা হবে।’’
“এখনো সময় আছে, নির্বাচনে সমান সুযোগ তৈরি করুন। আসুন- জনগণ কোন দিকে আছে তা প্রমাণ হবে”, বলেন বিরোধী দলীয় নেতা।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের দুর্নীতির কারণেই এখনো পদ্মাসেতু হয়নি। গত চার বছরে ‘দলীয়করণ ও ছাত্রলীগের সন্ত্রাসের কারণে’ শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হয়েছে। দ্রব্যমূল্য ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাংবাদিকদের ওপর নির্যাতন হয়েছে এবং অনেক রাজনৈতিক নেতা-কর্মীকে ‘গুম করে’ ফেলা হয়েছে।
এসব কারণে দেশের মানুষ বর্তমান সরকারের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেন খালেদা।
তিনি প্রশ্ন রাখেন, “প্রধানমন্ত্রী বলতে পারবেন, কোথায় মানুষ ভালো অবস্থায় আছে?”
সরকারের গোয়েন্দা সংস্থা দেশের জনগণের ওপর হয়রানি ও নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বলেন, “তাদের (গোয়েন্দা সংস্থা) বলব, এই সরকার স্থায়ী সরকার নয়। মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা থেকে বিরত থাকুন। নইলে একদিন এর জন্য আপনাদের জবাব দিতে হবে। সব অপকর্মের হিসাব নেয়া হবে।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে যুক্তি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, “১৯৯৬ সালে নির্দলীয় সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি।’’
আর এখন ‘ক্ষমতা কুক্ষিগত করতে’ আওয়ামী লীগ ওই ব্যবস্থা বাতিল করেছে বলে মন্তব্য করেন তিনি।
খালেদা বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, অতীতে যদি নির্দলীয় সরকার ব্যবস্থার প্রয়োজন হয়ে থাকে, বর্তমানে তার প্রয়োজনীয়তা আরো অনেক বেশি। কারণ এই সরকার দেশের জনপ্রশাসনসহ সব কিছুর দলীয়করণ করেছে। তাদের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।”
অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তী, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্তু কুণ্ডু অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24