চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাটে আওয়ামী লীগের একটি সভা শেষে কর্মীরা বাড়ি ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও আহত শিক্ষকরা জানান।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রাশাসন বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও প্রভাষক শহিদুল্লাহ কাইসার, চার শিক্ষার্থী লোকপ্রশাসন চতুর্থ বর্ষের সুজন কান্তি দে, নির্ঝর মজুমদার, শাহনাজ পারভীন ও রাবেয়া আখতার।
মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আওয়ামী লীগের একটি সভা শেষে কর্মীরা বাড়ি ফেরার সময় মহাসড়কের বিভিন্ন বাস দাঁড় করানোর চেষ্টা করেন। তারা শিক্ষার্থীদের বহনকারী দুটি ভাড়া করা বাস থামানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেয়।
এ সময় বাসে ভাংচুর ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলে ওসি জানান।
তিনি বলেন, এ ঘটনায় আহত শিক্ষকরা অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
আহত শিক্ষক মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লায় একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে চট্টগ্রামে ফেরার পথে বারইয়ার হাট এলাকায় তাদের বাসে হামলার ঘটনা ঘটে।
আওয়ামী লীগের একটি সভা শেষে ২০/২৫ জন যুবক তাদের বাসে ওঠার চেষ্টা করেন। উঠতে না দেয়ায় তারা বাস থামিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মমতাজ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এফএ/জেকে/২৩০১ ঘ.
bdnews24