ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, জামায়াত-শিবিরের কথিত নৈরাজ্য প্রতিরোধ ও পুলিশের উপর ‘হামলার’ প্রতিবাদে আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি পালনের সময় বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও দখলের অভিযোগ পাওয়া গেছে।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জামায়াত-শিবির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে সোম ও মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও ব্যাপক ভাঙচুরের’ অভিযোগ এনে পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও কয়েকশ নেতাকর্মীকে আটক করে।
জামায়াত-শিবিবের ‘হামলা ও ভাংচুরের’ প্রতিবাদে আওয়ামী লীগ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ-মিছিলের কর্মসূচি দেয়।
এই মিছিল থেকেই বিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা জয়পুরহাটে জামায়াত কার্যালয়ে আগুন, গাইবান্ধার বিএনপি-জামায়াত কার্যালয়ে হামলা এবং শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি অফিস দখলে নিয়ে ‘বণিক সমিতি’র সাইনবোর্ড লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
জয়পুরহাট
: শহরে জামায়াত-শিবির কার্যালয়ে ভাংচুর শেষে আগুন দিয়েছে সরকার সমর্থকরা।
বৃহস্পতিবার বিকালে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের একপর্যায়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা জামায়াত-শিবির কার্যালয়ে হামলা চালায় বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠন দুটি। মিছিলকারীরা একপর্যায়ে শহরের পুর্ব বাজারে জামায়াত-শিবির কার্যালয়ে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের নীচে থাকা একটি মোটরসাইকেলেও আগুন দেয়া হয়।
সদর থানায় ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিছিল বের করলে পুলিশ আগে থেকেই জামায়াত-শিবির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে কার্যালয়ে হামলা ও আগুন দেয়া হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
গাইবান্ধা
: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত ও বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, জামায়াত-শিবিরের ‘নৈরাজ্য’ প্রতিরোধ ও পুলিশের উপর ‘হামলার’ প্রতিবাদে বিকাল ৫টায় গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঘোড়াঘাট সড়কে এসে জামায়াত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।
থানা মোড়ে বিএনপি অফিসেও ভাঙচুর করে মিছিলকারীরা।
পরে মিছিলটি উপজেলা পরিষদের মূল ফটক চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রধান, জেলা কমিটির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু, যুবলীগ সভাপতি তাহিদুল ইসলাম রকেট, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান প্রমুখ।
তবে গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মিছিলটি জামাত ও বিএনপি অফিসের কাছে পৌঁছামাত্র কিছু বিক্ষুদ্ধ কর্মী দুই কার্যালয়ে হামলা চালায়। তবে ভাঙচুর করতে পারেননি।
শরীয়তপুর
: ভেদরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুরের পর দখল করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করে বলছে, এটি আগে বণিক সমিতির অফিস ছিল, তারাই সেটি এখন পুনরুদ্ধার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসেম ঢালী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সায়েম খান সাংবাদিকদের জানান, বিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে মিছিল বের হয়। হঠাৎ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি ও অঙ্গসংগঠনের সব সাইনবোর্ড ফেলে দিয়ে আওয়ামী লীগের সাইন বোর্ড লাগিয়ে দেয়। কার্যালয়ে থাকা আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি ফেলে দেয়। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে মাইকে গান বাজাতে থাকে বলে অভিযোগ করেন ওই নেতারা।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী বলেন, দীর্ঘদিন এটা বণিক সমিতির কার্যালয় ছিল। ২০০১ সালে ক্ষমতায় আসার পর এটি দখল করে নেয় বিএনপি। অফিসটি ব্যবসায়ীরা পুনরুদ্ধার করেছে।
ভেদরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, “এর আগে অফিসটি বিএনপি দখল করে নিয়েছিল। শুনেছি এখন বণিক সমিতিই সেটি আবার দখল করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৭ ঘ.
bdnews24