ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, ওই চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে সরকার।
‘শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়’- জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) এমন অভিযোগও নাকচ করে দেন তিনি।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দীপঙ্কর তালুকদার বলেন, “কে কি বলছেন তা বড় কথা নয়। কাগজ কি বলছে (ডকুমেন্ট) তা দেখতে হবে। গত ২২ জানুয়ারি পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।”
সন্তু লারমাও চুক্তি বাস্তবায়ন কমিটির একজন সদস্য উল্লেখ করে তিনি বলেন, “সরকার অত্যন্ত আন্তরিকভাবে তা বাস্তবায়ন করছে।”
১৯৯৭ সালে শেখ হাসিনা সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরে পাহাড়িরা। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যার চেয়ারম্যান হন সন্তু লারমা।
তবে ভূমি বিরোধসহ ওই চুক্তির সব ধারা এখনো বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ রয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির।
গত ৪ সেপ্টেম্বর রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, এ সরকারের চার বছরেও চুক্তি বাস্তবায়িত হয়নি এবং আদৌ হবে বলে তিনি মনে করেন না।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, “পার্বত্য শান্তি চুক্তি পৃথিবীর প্রথম বা শেষ চুক্তি নয়। এর আগেও বহু চুক্তি হয়েছে। ভারত, ইসরায়েল-ফিলিস্তিন, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে এ ধরনের চুক্তি হয়েছে। অন্যদের হয়ত কাজ থমকে গেছে। তাদের চেয়ে আমাদের পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি ভাল।
সংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কাছে পাঁচটি মন্ত্রণালয়ের ১০টি জেলা অফিস হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয়। সংসদ উপ নেতা ও চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শন্তি চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে দীপঙ্কর তালুকদার বলেন, “কিছু বাস্তব সমস্যা রয়েছে। বাকি বিষয়গুলো বাস্তবায়নে আমরা দ্রুত এগোচ্ছি। আগামী সংসদের শীতকালীন অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন-২০০১ সংশোধনে বিল আনা হবে।”
সাজেদা চৌধুরী বলেন, “শান্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনা সরকার যে আন্তরিক তাতে সন্দেহের অবকাশ নেই। বাকি কাজ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।”
সাম্ú্রদায়িক সম্ú্রীতি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের রামুতে ‘ন্যক্কারজনকভাবে’ হামলা চালিয়েছে মন্তব্য করে ‘দেশি-বিদেশি চক্রান্তকারীদের’ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন সংসদ উপনেতা।
অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহ আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, তিন জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, কুজেন্দ্রলাল ত্রিপুরা ও কৈ শৈ হ্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭৪৯ ঘ.
bdnews24