২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধ্বংসাত্মক তৎপরতা ঠেকাতে সোচ্চার হন’

“স্বাভাবিকভাবেই যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তাদের অপতৎপরতা তো থাকবেই। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের বাধাগ্রস্ত করার যে কোনো তৎপরতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত দুদিনে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর মারমুখী আচরণের মধ্যে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকৌশলীদের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, “স্বাভাবিকভাবেই যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তাদের অপতৎপরতা তো থাকবেই। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এদের মোকাবেলা করতে হবে।” পুলিশের ওপর জামায়াতের চড়াও হওয়াকে যুদ্ধাপরাধের চলমান বিচার বাধার ষড়যন্ত্র বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন। “এখন সময় এসেছে, দেশবাসীকে সজাগ থাকতে হবে। দেশবাসী সচেতন হলে এরা ধ্বংসাত্মক কাজ করতে পারবে না,” বলেন আওয়ামী লীগ সভানেত্রী। বর্তমান সরকার দেশকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। “আমরা নিজের পায়ে দাড়াতে চাই। ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরতে চাই না।” “বিএনপির নীতি ছিল- দেশে যেন খাদ্য ঘাটতি থাকে। তাদের নীতি ছিল- কীভাবে সাহায্য পাওয়া যায়, ভিক্ষার চাল পাওয়া যায়,” এই প্রসঙ্গে বিএনপির সমালোচনা করেন তিনি। আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “বাংলার মানুষ আবার ভিক্ষার ঝুলি নিয়ে নামার ব্যবস্থা করবে কি না। এটা তারাই (জনগণ) ঠিক করবে।” আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সমস্যা সমাধানেও সরকারের তৎপরতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঝগড়া-ঝাঁটি চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।” ভারতের সঙ্গে ছিটমহল, সীমানা নির্ধারণ, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে চুক্তিগুলো অচিরেই হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদ্যুতের লোড শেডিংয়ের বিষয়ে শেখ হাসিনা বলেন, “আমি বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছি- দিনে দুই ঘণ্টা লোড শেডিং হতেই হবে। এটা জরুরি বলে আমি মনে করি। লোড শেডিং কী- এটা যেন জনগণ ভুলে না যায়।” বিদ্যুতের উৎপাদন ৬ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার বিষয়টি প্রধানমন্ত্রী বলেন, “এর জন্যও কথা শুনতে হয়, সমালোচনা করা হয়। যারা সমালোচনা করেন, তারা আবার সমালোচনা শুনতে পারেন না। আমাদের রাজনীতিবিদদেরই শুধু সমালোচনা শুনতে হবে।” ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’র জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরো সক্রিয় হওয়ার আহবান জানান। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, নিজেদের শক্তি বাড়াতে হবে।” এই লক্ষ্যে ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাপেক্সকে শক্তিশালী করার কথা তুলে ধরেন তিনি। “নিজেদের সম্পদের ব্যবহার করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব- সে ক্ষেত্রে আপনাদের ভূমিকা রয়েছে”, প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনা। “আত্মনির্ভরশীল হতে হবে। দাতাদের কাছ থেকে সাহায্য নিলে তাদের কথা শুনতে হয়। তারা যে টাকা দেয় কনসালটেন্সি করেই তার সব টাকা নিয়ে যায়।” গাজীপুরের মেশিন টুলস কারখানা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “ওটা বন্ধ করে সেখানে হাউজিংয়ের কথা বলা হয়েছিল। সেটাও দাতাদের প্রেসক্রিপশন ছিল। আমরা মেশিন টুলস্ ফ্যাক্টরি সেনাবাহিনীকে দিয়ে দিয়েছি। এখন সেখানে বিভিন্ন জিনিস উৎপাদন হচ্ছে।” “দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। দারিদ্র্যের বিরুদ্ধে জয়ী না হলে আমাদের স্বাধীনতা অর্থবহ হবে না,” যোগ করেন শেখ হাসিনা। কৃষি খাতের উন্নয়নে বিদেশ থেকে বেশি দাম দিয়ে যন্ত্রপাতি না কিনে কম খরচে তা দেশেই তৈরির জন্য প্রকৌশলীদের তাগিদ দেন সরকার প্রধান। গবেষণার জন্য সরকারের পক্ষ থেকে রকমের সহায়তার আশ্বাসও দেন তিনি। সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশেই সোলার প্যানেল তৈরির জন্য প্রকৌশলীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তথ্য-প্রযুক্তি খাতের উৎকর্ষ সাধনেও প্রকৌশলীদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রকৌশলীদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়ন বাজেট বাস্তবায়নে আরো যতœবান হতে হবে।” সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রকৌশলীদের এই জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫১৪ ঘ.