ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ভারত সফরের কারণে দলের নীতিতে কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
ভারত সফরে খালেদা জিয়ার অন্যতম সফরসঙ্গী তরিকুল ইসলাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আগে যে অবস্থানে ছিলাম, এখনো সেই অবস্থানে আছি। বরং দেশের দীর্ঘ দিনের অমীমাংসিত বিষয়গুলো যা আমরা বার বার বলে আসছিলাম, তা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তুলে ধরার জন্য এই সফর সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে আমরা মনে করি।”
ভারত সরকারের আমন্ত্রণে সাত দিনের সফর শেষে গত ৩ নভেম্বর দেশে ফেরেন খালেদা জিয়া। সফরকালে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শিব শংকর মেনন ও লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন।
ফেরার পর খালেদা দাবি করেন, তার ভারত সফর ‘সফল’। তবে তার এই সফরের সমালোচনায় ক্ষমতাসীন দলের নেতারা বলে আসছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি তাদের ভারত বিরোধিতার নীতি পাল্টে ফেলেছে।
এই প্রেক্ষাপটে খালেদার ভারত সফরের উদ্দেশ্য গণমাধ্যমের কাছে তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
তরিকুল গণমাধ্যমের কাছে প্রশ্ন রাখেন, “ভারত বিরোধিতার সংজ্ঞা কি? সীমান্তে ফেলানির লাশ ঝুলে থাকে, মানুষ হত্যা হচ্ছে- এসব কথা বললে কি ভারতবিরোধী হয়ে গেলাম। একইভাবে আমরা যদি অন্যায্য কিছু করি- ভারত প্রতিবাদ করতে পারবে না?”
সাবেক এই তথ্যমন্ত্রী জানান, ভারত সফরকালে খালেদা জিয়া অভিন্ন নদীর পানি বণ্টন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি, টিপাইমুখ বাঁধ, সীমান্ত হত্যা, বৃহত্তর কানেকটিভি, বাণিজ্য বৈষ্যম, ছিটমহল সমস্যা ও সীমানা চিহ্নিতকরণ চুক্তির দ্রুত বাস্তবায়নের বিষয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।
এসব বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানোর ব্যাপারে উভয় নেতা একমত হয়েছেন বলেও দাবি করেন তরিকুল।
‘দ্বি-পক্ষীয় ইস্যুতে ন্যায্য দাবিগুলো তুলে ধরতে’ খালেদা জিয়া ভারত সফর করেছেন মন্তব্য করে তরিকুল বলেন, চেয়াপারসনের এই সফরের মধ্য দিয়ে আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যা নিরসন ও সহযোগিতার ‘নতুন সম্ভাবনা’ সৃষ্টি হয়েছে।
“আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কোনো ঘটনা নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। উভয় পক্ষ সমমর্যাদার ভিত্তিতে আন্তরিকভাবে কাজ করে গেলে এই সফরের সাফল্য এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি”, বলেন তরিকুল।
সফরকালে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘রাষ্ট্রনায়কোচিত সম্মান, মর্যাদা ও অতিথেয়তা’ দেখানোয় ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি।
সোনিয়া গান্ধী প্রসঙ্গে
ভারত সফরে সেদেশের ক্ষমতাসীন দল কংগ্রেস ও ইউনাইটেড পিপলস এলায়েন্স (ইউপিএ) প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে বিএনপি চেয়াপারসনের সাক্ষাতের কোনো কর্মসূচি ছিলো না বলে দাবি করেন তরিকুল।
তিনি বলেন, “তিনি (সোনিয়া) হিমাচল ও মহারাষ্ট্রের নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ পুণর্গঠনের কাজে তার ব্যস্ততার কারণে খালেদা জিয়ার সফরসূচিতে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হবে না, তা আগেই আমাদের অবহিত করেছিল ভারত। তাই এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।”
ট্রানজিট নিয়ে আলোচনা হয়নি’
ভারত সফরকালে খালেদা জিয়া কোথাও ট্রানজিট বিষয়ে আলোচনা করেননি দাবি করে তরিকুল বলেন, “আমরা বৃহত্তর কানেকটিভিটি নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। খালেদা জিয়া বলেছেন, কেবল দুই দেশের মধ্যে নয়, দক্ষিণ এশীয় ও দূরপ্রাচ্যে এই কানেকটিভিটি সম্ú্রসারণ করতে হবে।”
বাংলাদেশের ভূমিতে ভারতবিরোধী কর্মকাণ্ড
তরিকুল জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় খালেদা জিয়া বলেছেন, দুই দেশের স্বার্থের বিরুদ্ধে কখনো নিজ ভূমি ব্যবহার করা হবে না।
তবে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া ভারতে গিয়ে কোনো আলোচনা করেননি বলে তিনি দাবি করেন।
“এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতেও নির্বাচন হচ্ছে- তারা কি এটি আমাদের সঙ্গে আলোচনা করে. তাহলে আমরা কেনো করতে যাব?”
গভীর সমুদ্র বন্দর নির্মাণে কনসোর্টিয়ামের প্রস্তাব
তরিকুল ইসলাম বলেন, “কনসোর্টিয়ামের ভিত্তিতে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীন ও ভারত উভয় দেশকে অংশীদার হওয়ার প্রস্তাব করছেন বিরোধী দলীয় নেতা। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ও এই অঞ্চলের অন্যান্য দেশ উপকৃত হবে এবং আঞ্চলিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মেচিত হবে।”
পানি সম্পদ ব্যবস্থাপনা কাঠামো গঠন
তরিকুল ইসলাম জানান, খালেদা জিয়া হিমালয় অববাহিকার দেশগুলোর সমন্বয়ের পানি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার ও সুষম বণ্টনের লক্ষ্যে একটি পানি ব্যবস্থাপনার কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।
“চীন ও ভারত উভয় দেশ এটি বিবেচনার ব্যাপারে সম্মত হয়েছে। এই ব্যবস্থাপনা বাস্তবায়িত হলে তা এই অঞ্চলের জনগণের কল্যাণে ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এক যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে”, বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৭১০ ঘ.
bdnews24