২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ইলিয়াসের সন্ধান দাবিতে কর্মসূচি

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

সিলেট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে সিলেট উপশহরের ইলিয়াস আলীর বাসায় এক সংবাদ সম্মেলনে ২৩ দিনের এ কর্মসূচি ঘোষণা করেন ওসমানীনগর-বালাগঞ্জ-বিশ্বনাথ থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ থেকে ৩০ নভেম্বর গণস্বাক্ষর সংগ্রহ, ৯ থেকে ১৬ নভেম্বর তিন থানার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও কর্মীসভা, ১৬ নভেম্বর প্রতিটি মসজিদে দোয়া মাহফিল, ১৭ নভেম্বর ৫ ঘণ্টাব্যাপী গণঅনশন এবং ১ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ২১ কিলোমিটার এলাকায় (শেরপুর-রশিদপুর) মানববন্ধন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ, ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকার সাত মাসেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ইলিয়াসের পরিবারকে তার খোঁজ দেয়ার আশ্বাস দিয়ে বাস্তবায়ন করেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বিশ্বনাথ উপজেলা সভাপতি মো. জালাল উদ্দিন চেয়ারম্যান, বালাগঞ্জ সভাপতি কামরুল হুদা জায়গীরদার ও ওসমানীনগর সভাপতি সৈয়দ মোহাহির আলী চেয়ারম্যানসহ শতাধিক নেতাকর্মী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর বিএনপির সাধারণ সম্পাদক এমরান রব্বানী। গত ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক সাংসদ ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। ইলিয়াসের সন্ধান দাবিতে সারাদেশে ৫ দিন ও বিশ্বনাথে ৬ দিন হরতাল পালিত হয়। গত ২৩ এপ্রিল বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপি ও গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.