কুড়িগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-‘দুর্নীতি ও লুটপাটের’ কারণে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবার ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের কাছে ‘ধর্না’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তবে বিদেশি আনুকূল্যে এদেশে ক্ষমতায় যাওয়া যায় না বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় আনতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের আনুকূল্য আদায় করতে হবে।”
সোমবার ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন হানিফ।
আওয়ামী লীগ কোনো অনির্বাচিত লোকের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই। সে কারণে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাবে বিএনপি রাজি হলে আমরা আলোচনায় বসবো।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হচ্ছে সেভাবেই নির্বাচিত সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে।
কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এমপি, সহ-সভাপতি মোকাররম হোসেন সাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী।
পরে কাউন্সিলারদের সর্বসম্মতিক্রমে শাহজাহান সিরাজকে সভাপতি, নুরুন্নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সাইফুর রহমান, এমদাদুল হক মন্টু ও আসাদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।
বিকাল ৩টায় নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে ও বিকাল ৫টায় কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২২২৫ ঘ.
bdnews24