সিরাজগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে যুবলীগ কর্মী মনিরুজ্জামান রতন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ওই হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার তিন আসামি হলো- সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া উত্তরপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে রুহুল আমিন প্লাবন (২২), কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিপন (২৮) ও সলঙ্গা থানার এরানদহ গ্রামের আলী আশরাফের ছেলে আরিফুর রহমান মাসুম (২০)।
শনিবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিপন ও প্লাবন জানায়, তারা চার বন্ধু মিলে রতনকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ২৩ অক্টোবর বিকেলে রিপন সিএনজি অটোরিক্সাযোগে সিরাজগঞ্জ শহর থেকে রতনকে কামারখন্দ উপজেলার মহাসড়কের বাগবাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে আগ থেকেই ৩ সহযোগী মাসুম, প্লাবন ও রাশেদ অপেক্ষা করছিল। সন্ধ্যার পর রতনকে নিয়ে রিপন ঘটনাস্থলে পৌঁছে। পাঁচজন একত্র হওয়ার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই রিপন প্রথমে পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে রতন মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর রাশেদ ও প্লাবন তাকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে রাশেদের পরনের গেঞ্জি রতনের মুখে ঢুকিয়ে লাশ পাশের ডোবায় ফেলা দেয়া হয়।
সংবাদ সন্মেলনে পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এ ঘটনার পর ২৪ অক্টোবর সকালে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে শ্বশান ঘাটে নিহতের লাশ পুতে রাখা হয়। পরে রতনের পরিবারের সদস্যরা ছবি দেখে লাশ সনাক্ত করলে ২৫ অক্টোবর রাতে লাশ মাটির নিচ থেকে তোলা হয়।
পুলিশ সুপার আরো বলেন, একই রাতে সন্দেহভাজন হিসেবে রিপনকে আটক করে চারদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিপনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে প্লাবন ও মাসুমকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তদের অপর সহযোগী রাশেদ পলাতক রয়েছে।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক দুলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ২৪ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত মনিরুজ্জামান রতন শহরের জানপুর মহল্লার জহুরুল ইসলামের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩২৮ঘ.
bdnews24