মাদারীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ব্যারিস্টার রফিক (রফিকুল ইসলাম মিয়া) ‘রাজাকার’। তার গ্রামের বাড়ি কুমিল্লা এলাকার লোকজন তাকে ‘রফিক রাজাকার’ হিসেবে চেনে বলেও দাবি করেন তিনি।
শনিবার সকালে মাদারীপুরে মৌলভী আছমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারের ফলক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
গত ২২ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন স্টেশন আরটিভিতে সরাসরি স¤প্রচারিত একটি আলোচনা অনুষ্ঠানের ফাঁকে নৌ-মন্ত্রী শাজাহান খান বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার চোখ তুলে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে অনুষ্ঠানটির স¤প্রচার বন্ধ করে দিতে বাধ্য হন এর সঞ্চালক।
তাদের মধ্যে ওই তর্কাতর্কি সম্পর্কে শাজাহান খান বলেন, “টকশোর সময় আমি জানতাম না তার [রফিকুল ইসলাম মিয়া] বাড়ি কোথায়। পরে কুমিল্লা থেকে আমাকে চিঠিতে জানানো হয় ‘আপনি খোঁজ নিয়ে দেখুন, ব্যারিস্টার রফিক রাজাকার। এলাকায় সবাই তাঁকে রফিক রাজাকার হিসেবেই চেনে’।”
মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা কমান্ড ইউনিটের কমান্ডার শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নূর-উর-রহমান, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার নজরুল হোসেন, মাদারীপুরের যুদ্ধকালীন কমান্ডার খলিলুর রহমান খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৫৯ ঘ.
bdnews24